শিলিগুড়ির সিটি সেন্টারে নাটকীয় গ্রেফতারি! রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা চ্যালেঞ্জ বিধায়কের

ব্যবসায়ী রিভা লামার গ্রেফতারি এবং সেই ঘটনায় নিজের নাম জড়িয়ে ওঠায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নোমান রাই। তাঁর স্পষ্ট দাবি, একটি ব্যক্তিগত আর্থিক ও ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে অকারণে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। শনিবার রাতে শিলিগুড়ির সিটি সেন্টার এলাকা থেকে গ্রেফতার করা হয় রিভা লামাকে।

বিধায়ক নোমান রাই জানান, রিভা লামা তাঁর ছোটবেলার ও স্কুলের বন্ধু, পেশায় একজন ব্যবসায়ী। রিভার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কলকাতায় সফর ও নির্ধারিত সাক্ষাৎ সেরে শিলিগুড়িতে ফেরার পর স্কুলের বন্ধু রিভাকে সিটি সেন্টারে কফি খাওয়ার জন্য ডেকেছিলেন তিনি। কফিশপে বসে কথা বলার মাঝেই পুলিশ এসে রিভাকে গ্রেফতার করে। বিধায়কের কথায়, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি পুলিশের কাছে গ্রেফতারের কারণ ও নথিপত্র দেখতে চান। পুলিশ লিখিত অভিযোগ দেখালে তিনি প্রশাসনকে আইনের গণ্ডিতে থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

নোমান রাইয়ের মতে, কেউ আইনের ঊর্ধ্বে নন এবং উপযুক্ত প্রমাণ থাকলে পুলিশ অবশ্যই আইনি ব্যবস্থা নিতে পারে। তবে গ্রেফতারের পর সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রিভাকে ‘বিধায়কের ঘনিষ্ঠ’ হিসেবে তুলে ধরার চেষ্টার কড়া সমালোচনা করেছেন তিনি।

অন্যদিকে, রিভা লামার বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে রংপো রেলওয়ে স্টেশন নির্মাণের টেন্ডারে অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে শুভঙ্কর অরোরা, মানিক অরোরা এবং তাঁদের প্রয়াত মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি টাকা নেওয়া হয়। পরে দেখা যায়, শুভঙ্করের নামে কোনো অংশীদারিত্ব রাখা হয়নি এবং ভুয়ো নথি দেখিয়ে দীর্ঘদিন টাকা আটকে রাখা হয়। টাকা ফেরত চাইলে হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগও ওঠে। একাধিক আইনি নোটিশের পরও জবাব না মেলায় গত ১৮ নভেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভঙ্কর। এর পরেই গ্রেফতার করা হয় রিভাকে। রবিবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে নোমান রাই জানান, সংবাদমাধ্যম মারফত তিনি জেনেছেন যে একটি টেন্ডার ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে মানিক অরোরার সঙ্গে রিভার ব্যক্তিগত বিবাদ চলছিল। দুই ব্যবসায়ীর ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে তাঁর নাম জড়ানো অনুচিত বলে দাবি করেন তিনি। কারও নাম উল্লেখ না করেই তাঁর বার্তা, ব্যক্তিগত সমস্যাকে রাজনৈতিক রং দিয়ে ভুল ‘ন্যারেটিভ’ তৈরি করা ঠিক নয়। একজন বিধায়ক হিসেবে পাহাড়ের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করা তাঁর কর্তব্য, কোনো সাধারণ সাক্ষাৎ বা বন্ধুত্বকে অপরাধ হিসেবে দেখানো উচিত নয়।

গ্রেফতারের সময় ও পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন দার্জিলিংয়ের বিধায়ক। তাঁর সংশয়, হঠাৎ কেন এই গ্রেফতার এবং তিনি উপস্থিত থাকাকালীনই কেন এই পদক্ষেপ নেওয়া হলো? রিভা যেহেতু পালিয়ে যাচ্ছিলেন না বা তদন্ত এড়াচ্ছিলেন না, তাই সরাসরি গ্রেফতার না করে আইনি নোটিশ দিয়েও তদন্ত এগিয়ে নেওয়া যেত বলে মনে করেন তিনি।

বিষয়টির রাজনীতিকরণ করা হলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নোমান রাই। পাশাপাশি তাঁর পাল্টা চ্যালেঞ্জ, পাহাড়ে কোন ব্যবসায়ীর সঙ্গে কোন ঠিকাদার, এজেন্সি বা রাজনৈতিক নেতার যোগসাজশ রয়েছে, তার সমস্ত তথ্য তাঁর কাছে মজুত আছে। সম্মানহানির চেষ্টা চললে আগামিদিনে পাহাড়ের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ জনসমক্ষে আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *