‘অপারেশন সিঁদুরে’-পাকিস্তানকে সাহায্য় করেছিল চিন? আমেরিকার রিপোর্টে বিস্ফোরক দাবি

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে কেন সাহায্য করেছিল চিন? এর নেপথ্যে কি শুধুই কূটনৈতিক বন্ধুত্ব, নাকি আরও বড় কোনো কৌশল কাজ করছিল? সাম্প্রতিক এক রিপোর্টে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে গুরুত্বপূর্ণ দাবি করেছে মার্কিন কংগ্রেসের একটি প্যানেল। রিপোর্ট অনুযায়ী, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাব রুখতে চেয়েছিল বেজিং। তবে চিনের এই কৌশল কেবল সামরিক সাহায্যে সীমাবদ্ধ নয়; সীমান্তে পরিকাঠামো জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও ভারতকে চাপে রাখার চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন ওই প্যানেলের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান শক্তিকে নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে চিন। সেই কারণেই একাধিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি থামানোর চেষ্টা করছে বেজিং। পাশাপাশি প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান, সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের মতো ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

অপারেশন সিঁদুরে কীভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল চিন?

মার্কিন প্যানেলের দাবি, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিন ধরে চলা সংঘর্ষে চিনের কৌশল স্পষ্ট হয়ে ওঠে। সরাসরি যুদ্ধে না জড়ালেও সঙ্কটের মুহূর্তে পাকিস্তানকে শক্তিশালী করতে সহায়তা করেছিল বেজিং। রিপোর্টে সতর্ক করা হয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের সামনে দুই দিক থেকে যুদ্ধের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিতে পারে।

সম্প্রতি প্রথমবার প্রকাশ্যে চিন স্বীকার করে যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছিল। চিনের সরকারি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের ইঞ্জিনিয়ার ঝাং হেং জানান, তিনি সেই দলের অংশ ছিলেন, যারা পাকিস্তানের বায়ুসেনাকে প্রযুক্তিগত সাহায্য করেছিল। ঝাংয়ের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের বায়ুসেনার হাতে থাকা সামরিক সরঞ্জাম—বিশেষত J-10CE যুদ্ধবিমান—সর্বোচ্চ কার্যক্ষমতায় ব্যবহারের উপযোগী করে তোলাই ছিল তাঁদের উদ্দেশ্য। এর আগে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংও দাবি করেছিলেন, সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনার মোতায়েন সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পাকিস্তানকে দিয়েছিল চিন।

সীমান্তেও ভারতের ওপর চাপ বাড়াচ্ছে চিন

আমেরিকার রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানকে সাহায্য করেই থেমে নেই চিন; ভারতীয় সীমান্তের কাছেও নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তারা। অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় চিনা সেনার সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে পূর্ব লাদাখে চার বছর ধরে চলা সামরিক অচলাবস্থা কাটাতে সহমত হয় ভারত ও চিন এবং সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়। তবে সীমান্তে উত্তেজনা পুরোপুরি কাটেনি। প্যানেলের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি সংলগ্ন এলাকায় বিমানঘাঁটি, রেলপথসহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাড়াচ্ছে চিন, যাতে প্রয়োজন হলে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা যায়। পাশাপাশি ভারত মহাসাগরেও নৌসেনার উপস্থিতি ও নজরদারি বাড়াচ্ছে বেজিং।

অর্থনীতিতেও ভারতকে কোণঠাসা করার চেষ্টা?

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারতের ওপর চাপ বাড়াতে অর্থনৈতিক শক্তিকেও হাতিয়ার করছে চিন। গুরুত্বপূর্ণ শিল্পসামগ্রী, প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ভারতকে সমস্যায় ফেলার চেষ্টা চলছে। ভারতের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী রফতানি বন্ধ করার পাশাপাশি ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারদেরও দেশে ফিরিয়ে নিয়েছে চিন। বিভিন্ন যন্ত্রপাতির সরবরাহও বন্ধ রাখা হয়েছে।

ওষুধ তৈরির কাঁচামালের প্রসঙ্গও উঠে এসেছে রিপোর্টে। দাবি করা হয়েছে, এ ধরনের কাঁচামালের দাম অনেকটা কমিয়ে দেওয়ায় ভারতীয় সংস্থাগুলির পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া ব্যাটারি প্রযুক্তি রফতানিতে চিনের নিয়ন্ত্রণ ভারতের পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পগুলির ওপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

চিনকে মোকাবিলায় ভারত-মার্কিন সম্পর্কে জোর

মার্কিন প্যানেল স্বীকার করেছে, ভারত নিজেদের সামরিক শক্তি ও দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং স্পর্শকাতর ক্ষেত্রে চিনা সংস্থার ভূমিকা সীমিত করার উদ্যোগও নিয়েছে। তবুও ভারতের শিল্পক্ষেত্রের একটি বড় অংশ চিনের তৈরি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর নির্ভরশীল। রিপোর্ট অনুযায়ী, সাপ্লাই চেন মজবুত করতে ভারতের বড় অঙ্কের বিনিয়োগ, উন্নত প্রযুক্তি ও সময়ের প্রয়োজন। তাই এশিয়ায় চিনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে প্যানেলটি এবং প্রতিরক্ষা প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও উৎপাদন শিল্পে ভারত-মার্কিন সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *