সোনা কেনা কমানোর আবেদনেই কি দরপতন? দেশবাসীর ‘চরিত্র’ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

সোনা কেনার প্রবণতা কমানোর জন্য দেশবাসীর কাছে করা তাঁর আবেদনের ইতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক অনুষ্ঠানে তিনি জানান, তাঁর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকায় সোনার দাম কমেছে এবং মানুষের টাকা সাশ্রয় হয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, “আমার মতো একজন সাধারণ মানুষ যখন সোনা না কেনার অনুরোধ জানিয়েছিলেন, তখন দেশের মানুষ কম সোনা কিনেছে এবং এর দাম কমে গেছে। আজ অনেকেই আমাকে বলছেন, ‘মোদিজি, আমরা আপনার কথা শুনেছি এবং নিজেদের টাকা বাঁচিয়েছি’।”

এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর একটি ঐতিহাসিক আবেদনের কথাও স্মরণ করেন মোদি। দেশে খাদ্যসঙ্কটের সময় লালবাহাদুর শাস্ত্রী দেশবাসীকে সপ্তাহে অন্তত একদিন একবেলার খাবার না খাওয়ার অনুরোধ জানিয়েছিলেন এবং মানুষ সেই ডাকে সাড়া দিয়েছিল। সেই উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, “এক বছর আগে আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না হলে এক বছরের জন্য দয়া করে সোনা কিনবেন না। আমি খুশি যে, লালবাহাদুর শাস্ত্রীজি যেমন খাদ্যসঙ্কটের সময় দেশবাসীকে একবেলা খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন এবং দেশ তা মেনে নিয়েছিল, আজও আমার দেশের মানুষের মধ্যে সেই একই মানসিকতা ও চরিত্র রয়েছে।”

উল্লেখ্য, বৈশ্বিক অনিশ্চয়তা, জ্বালানি খরচ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ভাঁড়ার ও অর্থনীতিকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই অপ্রয়োজনীয় সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ কমানোর মতো একাধিক সচেতনতামূলক বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শনিবার তাঁর এই মন্তব্য নতুন করে অর্থনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *