পরকীয়ার জেরে নৃশংস খুন! ৩ জনে পৌঁছল গ্রেফতারির সংখ্যা, ৫ সেকেন্ডের ভিডিয়ো নিয়ে কী বলছে পুলিশ?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্র পাঁচ সেকেন্ডের একটি ভিডিয়োর সূত্র ধরে রূপনারায়ণপুরে ভিকি সিং খুনের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুরজ প্রসাদ (২২)। শুক্রবার রাতে হিন্দুস্তান কেবলসের দেশবন্ধু পার্ক এলাকা থেকে তাঁকে আটক করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং শনিবার আসানসোল আদালতে তোলা হয়।

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সালানপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনি এলাকায় অশোক কুমার সিং ওরফে ভিকিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ থেকেই বিবাদের শুরু এবং তার জেরেই ওই নৃশংস ঘটনা ঘটে। যে মহিলার সঙ্গে ভিকির সম্পর্ক ছিল বলে অভিযোগ, সেই মহিলার স্বামীই মূল অভিযুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এই ঘটনায় আগে সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি পাঁচ সেকেন্ডের ভিডিয়ো সামনে আসে, যেখানে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে এক যুবক পরপর আঘাত করছে বলে দেখা যায়। আক্রান্ত ব্যক্তি ভিকি বলেই জানা যায়। সেই ভিডিয়োর সূত্র ধরেই হামলাকারীর পরিচয় খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ভিডিয়োতে দেখা যাওয়া ওই যুবকই জোড়বাড়ি এলাকার বাসিন্দা সুরজ প্রসাদ। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। সালানপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর যুবকই সুরজ কি না, তা বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হবে এবং সেই প্রমাণ আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই ঘটনায় সুরজের ভূমিকা ও আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে জানা গিয়েছে, ভিকি আগে রূপনারায়ণপুরে থাকলেও পরিবার নিয়ে বাইরে থাকতেন। তবে পরকীয়ার সম্পর্ক বজায় রাখতেই তিনি বারবার ওই এলাকায় আসতেন। রূপনারায়ণপুরে তাঁর এক পিসি থাকলেও তিনি সেখানে যেতেন না, যদিও ওই পিসিই থানায় খুনের অভিযোগ দায়ের করেন এবং ভিকিও মৃত্যুর আগে পুলিশকে ঘটনার কথা জানিয়ে যান বলে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *