কেন্দ্রের বড় অনুমোদনে বদলাবে যোগাযোগ ছবি? কোন তিনটি রাস্তা ও সেতুর জন্য এল বিপুল অর্থ?

রাজ্যের সড়ক ও সেতু পরিকাঠামোয় ১,০৫৫ কোটি টাকার বেশি বরাদ্দ কেন্দ্রের, ঘোষণা শুভেন্দুর
রাজ্যের সড়ক ও সেতু পরিকাঠামোর উন্নয়নে এক হাজার কোটি টাকারও বেশি আর্থিক বরাদ্দ মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২০ নভেম্বর) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রীয় এই বরাদ্দ ঘোষণার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল বা সিআরআইএফ (CRIF)-এর অধীনে এই অর্থ মঞ্জুর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সিআরআইএফ-এর ‘সড়ক প্রকল্প’-এর আওতায় রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়নের কাজের জন্য ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। অন্যদিকে সিআরআইএফ-এর ‘সেতু বন্ধন প্রকল্প’-এর অধীনে হুগলি জেলার দ্বারকেশ্বর নদের ওপর একটি নতুন সেতু নির্মাণের জন্য ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো ঢেলে সাজাতে কেন্দ্রের তরফে মোট ১ হাজার ৫৫ কোটি ৩৩ লক্ষ টাকার অনুমোদন মিলেছে।
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ, তা এদিন নিজের পোস্টে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, সড়ক ও সেতু পরিকাঠামোর আধুনিকীকরণ হলে রাজ্যের সার্বিক বিকাশ আরও গতি পাবে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পরিকাঠামো খাতে তহবিল অনুমোদন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়িকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
শুভেন্দু আরও লেখেন, সিআরআইএফ-সড়ক প্রকল্পের অধীনে তিনটি রাস্তা উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯.৫৫ কোটি টাকা এবং সিআরআইএফ-সেতু বন্ধন প্রকল্পের অধীনে হুগলি জেলায় দ্বারকেশ্বর নদের ওপর একটি নতুন সেতু নির্মাণের জন্য ৩৭৫.৭৮ কোটি টাকার অনুমোদন রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
যাতায়াতে সুবিধা ও অর্থনৈতিক প্রভাব
প্রশাসনিক মহলের মতে, হুগলি জেলার দ্বারকেশ্বর নদের ওপর এই নতুন সেতুটি নির্মিত হলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটবে; পণ্য পরিবহন থেকে শুরু করে নিত্যযাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। পাশাপাশি তিনটি বড় রাস্তার কাজ শেষ হলে রাজ্যের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ আরও মসৃণ হবে।
এই প্রকল্পগুলির সুদূরপ্রসারী প্রভাবের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক নেটওয়ার্ক এবং সেতুগুলির আধুনিকীকরণ পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধিকে আরও গতিশীল করার জন্য অত্যন্ত জরুরি। তাঁর কথায়, গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উন্নয়ন কেবল যাতায়াতের সময় কমাবে এবং আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনের উন্নতি ঘটাবে তা-ই নয়, বরং রাজ্যের শিল্প সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব বলে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই রাস্তা ও সেতু নির্মাণের কাজ শেষ হয়, সে বিষয়ে রাজ্য প্রশাসন দায়বদ্ধ বলেও জানিয়েছেন তিনি।