ডিলিমিটেশন বিলে বড় সংঘাতের ইঙ্গিত! কী চায় ‘ইন্ডিয়া’ জোট, ফাঁস করলেন জয়রাম

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস বিল আনার জল্পনা জোরদার হতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল বিরোধী শিবির। শুক্রবার প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে, এই ইস্যুতে বিরোধীরা পুরোপুরি ঐক্যবদ্ধ এবং কেন্দ্রের যেকোনো সংবিধান সংশোধনী প্রচেষ্টা রুখতে তাঁরা প্রস্তুত।

ডিলিমিটেশন প্রক্রিয়া ঘিরে জয়রাম রমেশের দাবি, লোকসভার বর্তমান আসন সংখ্যা এবং রাজ্যভিত্তিক আসন বণ্টন আগামী ২৫ বছরের জন্য স্থগিত বা ‘ফ্রিজ’ করতে হবে। পাশাপাশি, বর্তমান কাঠামোর মধ্যেই অবিলম্বে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার দাবিও তুলেছেন তিনি।

বিরোধী জোটের ঐক্যের প্রসঙ্গ টেনে জয়রাম জানান, কংগ্রেসের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তাঁর কথায়, ডিএমকে এবং এনসিপি (শরদ পওয়ার)-এর মতো দলগুলো এই নীতিগুলোর সঙ্গে পুরোপুরি সহমত। এমনকী এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলেও ‘ইন্ডিয়া’ জোটের অবস্থানের সঙ্গে শতভাগ একমত বলে দাবি করেছেন তিনি।

জয়রাম রমেশের বক্তব্য অনুযায়ী, ডিলিমিটেশন ইস্যুতে বিরোধী জোট ধারাবাহিকভাবে সরকারের সামনে চারটি মূল দাবি রেখে চলেছে। এর মধ্যে রয়েছে লোকসভার বর্তমান ৫৪৩টি আসনের সংখ্যা অপরিবর্তিত রাখা এবং নিম্নকক্ষে রাজ্যভিত্তিক আসন বণ্টনে কোনো পরিবর্তন না আনার দাবি। শীতকালীন অধিবেশনের আগে এই বার্তায় কেন্দ্র ও বিরোধীদের মধ্যে নতুন করে টানাপোড়েনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *