নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত?” শিলিগুড়ি পুরনিগমের বিজ্ঞপ্তি প্রত্যাহারে সুর চড়াল সিপিএম

শিলিগুড়িতে ওয়ার্ড পুনর্বিন্যাসের গেজেট প্রত্যাহার, কমিশন ও শাসকদলের বিরুদ্ধে তোপ সিপিএমের

শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন প্রত্যাহার করে নেওয়ায় শাসকদল ও প্রশাসনকে আক্রমণ করল সিপিএম। শুক্রবার (২০ নভেম্বর) শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ইস্যুতে সুর চড়ান প্রাক্তন কাউন্সিলর তথা সিপিএম নেতা নুরুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক সমন পাঠকও।

নুরুল ইসলামের অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডকে ভেঙে ৬৩টি ওয়ার্ডে রূপান্তরিত করার প্রক্রিয়াটি শুরু থেকেই সম্পূর্ণ ‘অযৌক্তিক’ এবং শাসকদলের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে করা হয়েছিল। গেজেট বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনায় নির্বাচন কমিশনের ‘মুখ পুড়েছে’ বলে মন্তব্য করেন তিনি এবং এই পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার ও শাসকদলকে সরাসরি দায়ী করেন।

ওয়ার্ড বিভাজনের অসঙ্গতি নিয়ে কী বললেন নুরুল ইসলাম?

সাংবাদিক বৈঠকে ওয়ার্ড বিভাজনের অসঙ্গতি তুলে ধরে নুরুল ইসলাম বলেন, প্রশাসনের তরফে বলা হয়েছিল যুক্তিসঙ্গত কারণে এই ভাগ করা হচ্ছে, কিন্তু বাস্তবে তা ছিল সম্পূর্ণ অযৌক্তিক। তাঁর কথায়, কোথাও ১৯০০ জনসংখ্যা বিশিষ্ট ওয়ার্ডকে অপরিবর্তিত রাখা হয়েছে, আবার ১৫ হাজার জনসংখ্যার ওয়ার্ডকেও এক রাখা হয়েছে; অথচ ১১ হাজার জনসংখ্যার ওয়ার্ডকে ভেঙে দু’ভাগ করা হয়েছে। ভোটার সংখ্যা, এলাকা বা বুথের ভিত্তিতে না করে শাসকদলের সুবিধামতো এই ডিলিমিটেশন করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

নুরুল ইসলাম জানান, প্রথম সর্বদলীয় বৈঠকেই বামপন্থীদের তরফে এই অসঙ্গতির বিরুদ্ধে নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎকালীন জেলাশাসকও তাঁদের যুক্তির সারবত্তা মেনে নিয়েছিলেন এবং বিজেপি বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলিও বামেদের অবস্থানের সঙ্গে সহমত পোষণ করেছিল। কিন্তু তা সত্ত্বেও শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড বাড়িয়ে ৬৩টি করার গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয় এবং পরবর্তীতে তা প্রত্যাহার করতে বাধ্য হয় কমিশন। তাঁর মন্তব্য, প্রথমেই বামেদের যুক্তি মেনে নিলে দ্বিতীয়বার নতুন করে ডিলিমিটেশন করার প্রয়োজন হতো না এবং নির্বাচনও এভাবে পিছিয়ে যেত না।

নাগরিক পরিষেবা ও দ্রুত পুরভোটের দাবি

পুরনিগমে নির্বাচিত বোর্ড না থাকায় নাগরিক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে এদিন অভিযোগ করেন প্রাক্তন কাউন্সিলর নুরুল ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪৭ জন কাউন্সিলরের পরিপূরক কখনও দু’জন পার্ট-টাইম অফিসার হতে পারেন না। বর্তমানে শহরে সমস্ত উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে; জঞ্জাল অপসারণ হচ্ছে না, পানীয় জল ঠিকমতো আসছে না এবং খারাপ হয়ে থাকা স্ট্রিট লাইট সারানোর কোনো বিকল্প ব্যবস্থা নেই বলে অভিযোগ তোলেন তিনি।

পুরনিগম কোনো রাজনৈতিক দলের নয়, বরং সাধারণ মানুষের— এই বার্তা দিয়ে অবিলম্বে সঠিকভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস সম্পন্ন করে দ্রুত পুর নির্বাচন করানোর দাবি জানিয়েছে বাম নেতৃত্ব। পাশাপাশি নুরুল ইসলাম হুঁশিয়ারি দেন, একের পর এক অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তাঁদের আন্দোলন জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *