এনকাউন্টার পছন্দ নয়, তবে ১৫-২০ দিনে গুঁড়িয়ে দেব”— শ্যাম খুনে বিধায়ক জিতেন্দ্রর হুঁশিয়ারি!

সায়ন দাস খুনে জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারি, প্রাথমিক তদন্তে জমি বিবাদের ইঙ্গিত পুলিশের

দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার জব্বর পল্লিতে বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সায়ন দাস ওরফে শ্যাম খুনের ঘটনায় হুঁশিয়ারি দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার (২০ নভেম্বর) জেমুয়া থেকে তিনি দাবি করেন যে তাঁর এনকাউন্টার পছন্দ নয়, তবে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় খুনের রাজনীতি করলে সমূলে বিনাশ করা হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে শ্যাম খুনে ধৃতদের গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।

অন্যদিকে, বিজেপি নেতা সায়ন দাসের খুনের ঘটনা নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রীত সিং বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে।

‘শুধু গ্রেফতারি শেষ কথা নয়’: জিতেন্দ্র তিওয়ারি

গত ১১ নভেম্বর রাতে ফরিদপুরের জব্বর পল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সায়ন দাস। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এলাকার তিন যুবক অজয় নন্দী, বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করেছে। এই প্রসঙ্গে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, গ্রেফতার হয়েছে ঠিকই, তবে শুধু গ্রেফতারিই শেষ কথা নয়। তাঁর কথায়, পাণ্ডবেশ্বর বিধানসভায় কেউ যদি খুনের রাজনীতি করে, তবে তাঁকে গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব তাঁর; আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই তাঁদের সমূলে বিনাশ করা হবে।

এনকাউন্টারের দিকে কোনো ইঙ্গিত দিচ্ছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জিতেন্দ্র বলেন, তাঁরা এনকাউন্টার পছন্দ করেন না, তবে এটা বলতে পারেন যে এদের নিশ্চিহ্ন করে দেবেন এবং এই মাটিতে তাঁদের কোনো স্থান থাকবে না। এক মাসের মধ্যে তা করে দেখানোর আশ্বাস দিয়ে তিনি জানান, তাঁরা শান্তিপ্রিয় এবং শান্তিতে থাকতে পছন্দ করেন; কিন্তু এক-দু’জন যদি মনে করে খুন করে আবার আগের পরিবেশ ফিরিয়ে আনবে, তাহলে আইনের মধ্যে থেকে যা করার তাঁরা করে দেবেন।

জমি বিবাদের তত্ত্ব তুলে ধরল পুলিশ

বিজেপি নেতার খুনের প্রকৃত কারণ প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রীত সিং জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ওই এলাকার জমি সংক্রান্ত জটিলতা নিয়ে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিন্ডিকেট প্রসঙ্গে চ্যালেঞ্জ বিধায়কের

ফরিদপুর থানা এলাকার ইছাপুর, জব্বর পল্লি, বনসোল, বিধান পল্লি, পাঠসাওড়া, আরতী, বাঙুড়ি, সরপী ও হেতেডোবা-সহ বিস্তীর্ণ অঞ্চলে আগের সরকারের আমলে সিন্ডিকেট রাজ চলত বলে অভিযোগ তুলে জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকায় আর কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিজেপির কোনো নেতা বা কর্মী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছেন— এমন প্রমাণ কেউ দিতে পারলে সামনে আনুন; আর ভিত্তিহীনভাবে শুধুমাত্র অভিযোগ করার জন্য কেউ কিছু বললে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *