বিয়ের মরশুমে ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা! দিল্লির যানজট সতর্কতার মাঝে সামনে এল বড় হিসাব

দক্ষিণ দিল্লিতে তীব্র যানজটের আশঙ্কা, ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশিকা জারি
বিয়ের মরশুমের জেরে শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণ দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। আজ ওই এলাকায় ২০টিরও বেশি বিয়ের অনুষ্ঠান থাকায় প্রায় ৮ হাজার অতিথির সমাগম এবং রাস্তায় প্রায় ৪ হাজার অতিরিক্ত গাড়ি নামার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে বিশেষ ট্রাফিক অ্যাডভাইজারি বা নির্দেশিকা জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ।
কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?
পুলিশের সতর্কবার্তা অনুযায়ী, আজ এসএসএন মার্গ (ভাটি মাইনস রোড), ১০০ ফুটা রোড, অনুব্রত মার্গ, অরবিন্দ মার্গ, মান্ডি রোড, জোনাপুর রোড, মেহরৌলি-গুরুগ্রাম রোড এবং মেহরৌলি-মহি পালপুর রোডে যান চলাচল অত্যন্ত ধীরগতির হতে পারে। এসএসএন মার্গ, বাঁধ রোড, মান্ডি রোড এবং এমজি রোডের বিভিন্ন ভেন্যুতে একই সময়ে একাধিক অনুষ্ঠান থাকায় বিশেষ করে সন্ধ্যার দিকে যানজট তীব্র আকার ধারণ করতে পারে। গুরুগ্রাম, মেহরৌলি এবং মহি পালপুরগামী যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রী ও অতিথিদের জন্য কী পরামর্শ পুলিশের?
যানজট সামলাতে এবং গাড়ির চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের ওই রাস্তাগুলো এড়িয়ে চলার এবং যাতায়াতের জন্য দিল্লি মেট্রো বা গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
যাঁদের ওই পথ দিয়েই যেতে হবে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোতে এবং ঘর থেকে বেরোনোর আগে দিল্লি ট্রাফিক পুলিশের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে রাস্তার সর্বশেষ পরিস্থিতি দেখে নিতে বলা হয়েছে। এছাড়া বিয়ের অতিথিদের কেবল নির্ধারিত পার্কিংয়ের জায়গাতেই গাড়ি রাখতে এবং রাস্তার ধারে গাড়ি পার্ক না করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
বিয়ের মরশুমে ৭.৫ লক্ষ কোটি টাকার বাণিজ্যের পূর্বাভাস
দিল্লির এই যানজটের চিত্রটি দেশজুড়ে আসন্ন বিশাল বিয়ের মরশুমেরই একটি পূর্বাভাস। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)-এর তথ্য অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে প্রায় ৫২ লক্ষ বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, যা থেকে প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ২৫ দিনে প্রতিদিন গড়ে ২ লক্ষেরও বেশি বিয়ে হবে। এর মধ্যে কেবল দিল্লি-এনসিআর অঞ্চলেই প্রায় ৫ লক্ষ বিয়ে হবে, যার ফলে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।
কোন খাতে কত লেনদেনের অনুমান?
সিএআইটি-র হিসাব অনুযায়ী, বিয়ের মরশুমের ব্যবসার বিন্যাস নিচে দেওয়া হল:
-
খুচরো কেনাকাটা: মোট ব্যবসার ৫৪ শতাংশ বা প্রায় ৪.০৫ লক্ষ কোটি টাকা আসবে খুচরো পণ্য কেনাকাটা থেকে। এর মধ্যে গয়না ও মূল্যবান ধাতু খাতে ১.২ লক্ষ কোটি টাকা এবং পোশাক খাতে ৯০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এছাড়া উপহার সামগ্রী ও খাদ্যপণ্যের প্রতিটিতে ৩৭,৫০০ কোটি টাকা এবং ইলেকট্রনিক্স, ড্রাই ফ্রুটস ও আসবাবপত্রের প্রতিটিতে ৩০ হাজার কোটি টাকা করে ব্যবসার সম্ভাবনা রয়েছে।
-
পরিষেবা খাত: বিয়ে সংক্রান্ত পরিষেবা খাত থেকে ৩.৪৫ লক্ষ কোটি টাকা আসবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ক্যাটারিং খাতে ৭৫ হাজার কোটি টাকা, ভেন্যু ও হোটেলে ৬০ হাজার কোটি টাকা, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফুলের সাজসজ্জায় ৩৭,৫০০ কোটি টাকা করে এবং ফটোগ্রাফি ও বিউটি সার্ভিসে ২২,৫০০ কোটি টাকা করে লেনদেন হতে পারে।