বাড়ি ফাঁকা থাকার সুযোগে গয়না লুট, তদন্তে নেমে চমকে গেল পুলিশ! বিজয়গড় থেকে গ্রেফতার মহিলা

কসবায় বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার মহিলা সিভিক ভলান্টিয়ার, উদ্ধার চুরি যাওয়া গয়না
আইন রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্যই নিয়োগ করা হয় সিভিক ভলান্টিয়ারদের। যদিও সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এবার কসবায় একটি বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার।
গত রাতে যাদবপুরের বিজয়গড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতের নাম চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা। তিনি বর্তমানে লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে হরিদেবপুর থানাতেও কাজ করেছিলেন তিনি।
কীভাবে চুরির ঘটনা ঘটে?
পুলিশ সূত্রে খবর, গত ১৬ নভেম্বর বেদিয়াডাঙা ফার্স্ট লেনের বাসিন্দা দিপালী মাহাত চৌহানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগকারিণীর দাবি, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়িতে ঢুকে নগদ ৩,০০০ টাকা এবং সোনা ও রুপোর বেশ কিছু গয়না চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতী। বাড়ি ফিরে বিষয়টি নজরে আসতেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দিপালী।
সিসিটিভি ফুটেজ ও স্কুটির সূত্র ধরে গ্রেফতার
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে কসবা থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে এক মহিলার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় তদন্তকারীদের। সিসিটিভি ফুটেজে একটি স্কুটিকেও চিহ্নিত করা হয়। সেই সূত্র ধরেই চুমকি পাঁজাকে শনাক্ত করে পুলিশ।
এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডাকা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে চুমকির বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র হাতে আসে। পরে চুমকির বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয় এবং চুরিতে ব্যবহৃত স্কুটিটিরও খোঁজ মেলে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চুরির ঘটনায় চুমকি একাই যুক্ত ছিলেন। তবে তাঁর সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল কি না এবং এর আগেও তিনি কোনো চুরি বা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।