রবিবার থেকে খোঁজ নেই ৫টি সারমেয়র! বর্ধমান শহরে কুকুর নিখোঁজ কাণ্ডে নয়া মোড়, চিহ্নিত সন্দেহভাজন গাড়ি

বর্ধমানে একসঙ্গে ৫টি পথকুকুর নিখোঁজ, খাঁচায় ভরে গাড়িতে তোলার অভিযোগে তদন্তে পুলিশ

জেলাশাসকের কার্যালয় এবং জেলা পরিবহণ দফতর সংলগ্ন এলাকা থেকে একসঙ্গে পাঁচটি পথকুকুর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরে। প্রতিদিন যে কুকুরগুলিকে নিয়মিত খাবার দিতেন পশুপ্রেমীরা, হঠাৎ তাদের দেখতে না পেয়ে উদ্বেগে পড়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খাঁচায় ভরে একটি গাড়িতে কুকুরগুলিকে তুলে নিয়ে যাওয়ার কথা জানতে পারেন পশুপ্রেমীরা। এরপরই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কারা প্রাণীগুলিকে নিয়ে গেল এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত রিনা দাঁ দীর্ঘদিন ধরে ওই এলাকার পথকুকুরদের দেখভাল করেন। শুধু জেলাশাসকের কার্যালয় বা জেলা পরিবহণ দফতরের সামনেই নয়, হকার্স মার্কেট থেকে কার্জন গেট পর্যন্ত বিভিন্ন এলাকায় তাঁরা নিয়মিত খাবার পৌঁছে দেন। কোনো কুকুর অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা, টিকাকরণ এবং নির্বীজকরণের দায়িত্বও পালন করেন। সেই চেনা কুকুরগুলির মধ্যে পাঁচটি রবিবার থেকে নিখোঁজ বলে দাবি করেছেন রিনা।

উদ্বেগ বাড়তেই থানায় মিসিং ডায়েরি

প্রথম দিন বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও পরপর কয়েকদিন সারমেয়দের দেখা না মেলায় দুশ্চিন্তা বাড়ে। শেষ পর্যন্ত বর্ধমান থানায় মিসিং ডায়েরি করেন রিনা।

তাঁর কথায়, অনেক বছর ধরে ওই এলাকার কুকুরগুলিকে খাবার দেন তিনি। শুধু খাবার দেওয়াই নয়, ওদের চিকিৎসা, টিকাকরণ এবং নির্বীজকরণের ব্যবস্থাও করা হয়েছে। যে পাঁচটি কুকুরের খোঁজ মিলছে না, তাদেরও ভ্যাকসিন দেওয়া এবং নির্বীজকরণ করা ছিল। রবিবার থেকে ওদের দেখতে না পেয়ে প্রথমে ভেবেছিলেন বাজির শব্দে হয়তো অন্য কোথাও চলে গিয়েছে। কিন্তু পরপর দিন খোঁজ না মেলায় চিন্তা বাড়ে। থানায় মিসিং ডায়েরি করার পর এখন শুধু জানতে চাইছেন, কুকুরগুলি কোথায় আছে এবং কেমন আছে।

কীভাবে নিয়ে যাওয়া হল কুকুরগুলিকে?

প্রাণীগুলিকে কীভাবে নিয়ে যাওয়া হল, তা নিয়েও নানা কথা শুনছেন পশুপ্রেমীরা। স্থানীয় কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খাঁচা বা জাল ব্যবহার করে কুকুরগুলিকে ধরে একটি চারচাকা গাড়িতে তোলা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে কারা এসেছিল এবং কোনো সংস্থার সঙ্গে তাদের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

রিনা জানিয়েছেন, চিকিৎসার প্রয়োজনে বা উন্নত পরিচর্যার জন্য কুকুরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকলে তাতে তাঁদের কোনো আপত্তি নেই। কিন্তু যাঁরা দীর্ঘদিন ধরে প্রাণীগুলির দেখভাল করছেন, তাঁদের কিছু না জানিয়ে এভাবে নিয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। অন্তত কুকুরগুলির বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থার খবর দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সন্দেহভাজন গাড়ির খোঁজে পুলিশ

অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খাঁচার সাহায্যে কুকুরগুলিকে ধরে একটি চারচাকা গাড়িতে তোলা হয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে একটি সন্দেহভাজন গাড়িকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। কুকুরগুলিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কী উদ্দেশ্যে সরানো হয়েছে, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *