সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের জোড়া কাণ্ড! শিলিগুড়িতে ধৃত যুবক-মহিলার আসল পরিচয় জেনে তাজ্জব পুলিশ

১৪ বছর ধরে ভুয়ো পরিচয়ে নকশালবাড়িতে বসবাস, এনজেপিতেও আটক বাংলাদেশি মহিলা
উত্তরবঙ্গের সীমান্তবর্তী এবং রেল করিডোর এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ ও রেল প্রশাসন। শিলিগুড়িতে পৃথক দু’টি অভিযানে এক বাংলাদেশি যুবক গ্রেফতার এবং এক মহিলাকে আটক করেছে পুলিশ ও জিআরপি।
একটি ঘটনায় ১৪ বছর ধরে নাম ও পরিচয় ভাঁড়িয়ে নকশালবাড়িতে বসবাস এবং নেপালে যাতায়াতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে ট্রেন থেকে এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে জিআরপি। পরপর দু’টি ঘটনায় সীমান্ত নিরাপত্তা এবং রেলপথের নজরদারি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
১৪ বছর ধরে নাম ভাঁড়িয়ে নকশালবাড়িতে বসবাস
নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির প্রকৃত নাম কাশিম ইসলাম এবং তাঁর বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। কিন্তু এদেশে তিনি রোহিত বর্মন নামে পরিচিত ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় ১৪ বছর আগে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন কাশিম। এরপর কলকাতায় কাজ করার সূত্রে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে ওই মহিলাকে বিয়ে করে নকশালবাড়ির ফুটানি মোড় এলাকায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তিনি।
আসল পরিচয় গোপন রাখতে তিনি অধিকাংশ সময় প্রতিবেশী দেশ নেপালে গিয়ে থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে। সম্প্রতি তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসায় বৃহস্পতিবার ফুটানি মোড় এলাকায় হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে আসল পরিচয় স্বীকার করলে অবৈধভাবে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার সময় তিনি দাবি করেন, নিজের ধর্ম পছন্দ না হওয়াতেই নাম পরিবর্তন করেছিলেন। তবে নেপালে তাঁর যাতায়াতের প্রকৃত কারণ এবং নাম বদলের নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এনজেপি স্টেশনে ট্রেন থেকে আটক মহিলা
অন্যদিকে, বৃহস্পতিবারই এনজেপি স্টেশনে একটি যৌথ অভিযান চালিয়ে ওদেরা আক্তার নামে বছর ত্রিশের এক বাংলাদেশি মহিলাকে আটক করে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপি পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা। গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্তবর্তী রুট ব্যবহার করে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চারলাপল্লি এক্সপ্রেসের জেনারেল কামরায় চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেন। আগে থেকেই তদন্তকারী আধিকারিকদের কাছে তাঁর গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট তথ্য ছিল। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন, হায়দরাবাদে যাওয়ার পিছনে কোনো চক্র কাজ করছে কি না এবং এই অনুপ্রবেশে অন্য কেউ সাহায্য করেছে কি না, তা খতিয়ে দেখছে জিআরপি। শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।
সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন আত্মগোপন করে থাকা কিংবা ভিনরাজ্যে পাড়ি দেওয়ার এই দুটি ঘটনাই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পুরো ঘটনার নেপথ্যে কোনো বড়সড় অনুপ্রবেশকারী চক্র সক্রিয় রয়েছে কি না, তা জানতে যৌথভাবে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা দফতর।