৪৫ সশস্ত্র রক্ষী, আইএসআই-এর সাথে প্রতি শুক্রবার বৈঠক! দাউদ ইব্রাহিমের গোপন জীবন নিয়ে বিস্ফোরক দাবি

১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম পাকিস্তানে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁর বর্তমান অবস্থান ও জীবনযাপন নিয়ে রহস্যের শেষ নেই। দীর্ঘদিন ধরে আন্ডারওয়ার্ল্ড ডনের কোনো সাম্প্রতিক ছবিও প্রকাশ্যে আসেনি। এবার দাউদের অত্যন্ত ঘনিষ্ঠ মহলে অনুপ্রবেশ করেছিলেন বলে দাবি করা প্রাক্তন FBI এজেন্ট কামরান ফরিদি তাঁর ব্যক্তিগত জীবন এবং ‘ডি-কোম্পানি’-র বর্তমান কার্যকলাপ নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তাঁর দাবি, সিনেমায় (‘ধুরন্ধর’) দাউদকে যেভাবে অসুস্থ ও শয্যাশায়ী হিসেবে দেখানো হয়েছে, বাস্তবের চিত্রটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের পডকাস্টে কামরান ফরিদি জানান, ৭০ বছর বয়সেও করাচিতে বসে সম্পূর্ণ সক্রিয়ভাবে অপরাধ ও আন্তর্জাতিক মাদক পাচারের নেটওয়ার্ক পরিচালনা করছেন দাউদ ইব্রাহিম। পাকিস্তানের করাচির অভিজাত ক্লিফটন এলাকাতেই তাঁর মূল বাসস্থান। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়লে নিরাপত্তার খাতিরে তিনি ইসলামাবাদ-সহ আরও কয়েকটি গোপন আস্তানায় সরে যান। ক্লিফটনের বাড়ির নীচে কোনো গোপন সুড়ঙ্গ থাকার জল্পনা উড়িয়ে দিলেও ফরিদি জানান, ওই বাড়ির পিছনে একটি বিশেষ দরজা রয়েছে, যা দিয়ে সরাসরি পাশের একটি জনবহুল দরগায় বেরিয়ে যাওয়া যায়।

কামরান ফরিদির দাবি অনুযায়ী, ২০০৯ সালে FBI-এর বিশেষ নির্দেশে তিনি রুশ মাফিয়ার সদস্য পরিচয় দিয়ে ডি-কোম্পানির অন্দরে প্রবেশ করেন। পরবর্তীতে দাউদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী জবির মোতিওয়ালার মাধ্যমে সরাসরি দাউদের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সময় ডি-কোম্পানির হাওয়ালা কারবারেও তিনি যুক্ত ছিলেন বলে জানান ফরিদি। এমনকি ২০১৮ সালে লন্ডনে জবির মোতিওয়ালার গ্রেফতারির নেপথ্যেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেছেন প্রাক্তন এই গোয়েন্দা কর্তা।

দাউদের নজিরবিহীন নিরাপত্তা বলয় নিয়েও বিস্ফোরক তথ্য দিয়েছেন ফরিদি। তিনি জানান, প্রায় ৩৫ থেকে ৪৫ জন সশস্ত্র দেহরক্ষী সারাক্ষণ দাউদকে ঘিরে রাখেন, যাঁদের হাতে থাকে AK-47-এর মতো অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এর পাশাপাশি পাকিস্তানের বিশেষ বাহিনীর কমান্ডোদের সুরক্ষাও পান তিনি। দাউদের এই নিরাপত্তার বিষয়টি তদারকি করেন তাঁর ছায়াসঙ্গী ছোটা শাকিল। ফরিদির দাবি, প্রতি শুক্রবার পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর সদর দফতরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেন শাকিল। এ ছাড়া দাউদ ও শাকিলের যাতায়াতের জন্য দুবাই থেকে আমদানি করা বিশেষ বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা হয়।

আন্ডারওয়ার্ল্ড ডনের দৈনন্দিন জীবনযাপন নিয়েও অজানা তথ্য ফাঁস করেছেন প্রাক্তন FBI এজেন্ট। তাঁর বক্তব্য, দিনের বেলায় দাউদ খুব একটা বাড়ির বাইরে বেরোন না। মূলত রাত ১০টার পর তিনি আস্তানা থেকে বের হন এবং ভোরের আজানের আগেই ফিরে আসেন। চরম বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি দাউদের মাদক সেবনের অভ্যাস রয়েছে বলেও দাবি করেছেন ফরিদি। করাচির ‘২২ জামজামা’ নামের একটি অত্যন্ত সুরক্ষিত বাড়িতে পাকিস্তানের প্রভাবশালী ব্যবসায়ী ও সরকারি আধিকারিকদের সঙ্গে তাঁর নিয়মিত বৈঠক বসে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *