সৌরভকে ধাক্কা মেরে জয়! ‘ভণ্ডামি’ নিয়ে বিস্ফোরক নবনীতা, কটাক্ষ দিতিপ্রিয়ারও

বিগ বসের ঘরে রিকশা থেকে ধাক্কা মেরে টিকিট টু ফিনালে জিতে নিয়েছেন জীতু কমল। আর সেই ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। সৌরভ দাসকে ফেলে দিয়ে জীতুর এই জয়ের পর এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে চর্চায় জীতুর প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। কারও নাম না নিলেও দুজনের পোস্টের ইঙ্গিত যে জীতুর দিকেই, তা নিয়ে দর্শকদের মধ্যে কোনো সন্দেহ নেই।
বিগ বসের টিকিট টু ফিনালে টাস্ককে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। নিয়ম অনুযায়ী, রিকশায় বসে থাকা সৌরভ ও জীতুকে একে অপরকে টাস্ক থেকে সরাতে হতো। অভিযোগ, টাস্ক চলাকালীন জীতু শিবের দিব্যি কেটে সৌরভকে বলেছিলেন যে তিনি নিজে থেকেই হেরে গিয়ে সৌরভকে জিতিয়ে দেবেন। কিন্তু সৌরভ একটু অসতর্ক হতেই সরি সৌরভ বলে তাঁকে সজোরে ধাক্কা মেরে রিকশা থেকে ফেলে দেন জীতু। রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে চোট পান সৌরভ, এমনকি কেটেও যায় তাঁর। শেষ পর্যন্ত জীতকেই বিজয়ী ঘোষণা করেন বিগ বস। এরপর গভীর রাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জিও জানান জীতু।
জীতুর এই ধাক্কা দেওয়া এবং সরি বলার কৌশল নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন পরিচালক অয়ন সেনগুপ্ত। শিবের উপাসক হয়েও মিথ্যা বলা, ধাক্কা মেরে ফাইনালে যাওয়া এবং পরে টিকিট ফিরিয়ে দেওয়ার নাটক নিয়ে কটাক্ষ করেন তিনি। অয়নের সেই পোস্টের কমেন্ট বক্সেই মন্তব্য করেন দিতিপ্রিয়া রায়। একটি মুখ ঢাকা বাঁদরের ইমোজি দিয়ে তিনি লেখেন, একটি সাধারণ প্রশ্ন, তিনি যদি কোনো অপরাধ করে সরি বলেন, তাহলেই কি তাঁকে ছেড়ে দেওয়া হবে? বিচারকের সামনে গিয়ে সরি বললেই কি চলবে?
জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে পুরনো মনোমালিন্য নতুন কিছু নয়। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কাজ করার সময় থেকেই দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে একসঙ্গে ঘরে বসে মিটিং করতেও আপত্তি ছিল জীতুর, আর শেষমেশ মাঝপথেই ধারাবাহিকটি ছেড়ে দেন দিতিপ্রিয়া। ফলে বিগ বসের এই ঘটনার পর দিতিপ্রিয়ার মন্তব্যকে জীতুর উদ্দেশেই বলে মনে করছেন নেটিজেনরা।
অন্যদিকে, নিজের মতো করে প্রতিক্রিয়া দিয়েছেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি জোকারের ইমোজি দিয়ে তিনি লেখেন, ভণ্ডামির একটা সীমা থাকে। নবনীতাও কারও নাম উল্লেখ করেননি। তবে জীতুর শিবের দিব্যি কাটা এবং মাঝরাতে টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জির পরপরই নবনীতার এই স্টোরি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
বিগ বসের ঘরে জীতু সত্যিই টিকিট টু ফিনালে ফিরিয়ে দেবেন কি না, তা শনিবার দাদার দরবারে স্পষ্ট হবে। তবে তার আগেই ঘরের বাইরে প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন সহ-অভিনেত্রীর মন্তব্যে সরগরম হয়ে উঠেছে টলিপাড়া।