৯৫ থেকে ১৩৮-এ নামল র‍্যাঙ্কিং! এআইএফএফ নির্বাচনের আগে কল্যাণ চৌবের অপসারণ চেয়ে সরব বাইচুংরা

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে ফের সরব হলেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচনের আগে কল্যাণ চৌবেকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় যোগ্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবি তুললেন বাইচুং-সহ মোট ১৫ জন প্রাক্তন ফুটবলার। এই মর্মে তাঁরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের (Mansukh Mandaviya) হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন।

বাইচুং ভুটিয়ার সঙ্গে এই দাবিতে সহমত জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন দীপক মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, সতীশ ভারতী, আলভিটো ডি’কুনহা, মনজিৎ সিং, বলবন্ত সিং, সেহনাজ সিং, করণজিৎ সিং, হরপ্রীত সিং, বলদীপ সিং এবং হরমনজ্যোৎ সিং খাবরা।

কল্যাণের বিরুদ্ধে তীব্র ক্ষোভকেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রাক্তন ফুটবলাররা ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। চিঠিতে লেখা হয়েছে, বর্তমান পরিচালন সংস্থার অধীনে দেশের ফুটবলের দুর্দশা অত্যন্ত শোচনীয় এবং ভারতের মতো দেশের পক্ষে এই পরিস্থিতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রাক্তন তারকাদের আর্জি, আগামী মেয়াদের জন্য ফেডারেশনের নেতৃত্ব দিতে প্রমাণিত অভিজ্ঞতাসম্পন্ন কাউকে মনোনীত করতে ক্রীড়ামন্ত্রী অবিলম্বে হস্তক্ষেপ করুন। তাঁদের আশঙ্কা, তা না হলে বর্তমান পরিস্থিতি থেকে ভারতীয় ফুটবলের ঘুরে দাঁড়াতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। প্রাক্তন ফুটবলারদের অভিযোগ, বর্তমান নেতৃত্বে দেশের ফুটবলের উন্নতি তো হচ্ছেই না, উল্টে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফিফা র‍্যাঙ্কিং নিয়ে প্রশ্ন চিঠিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে (FIFA Rankings) ভারতের ক্রমাবনতি নিয়েও বড় প্রশ্ন তোলা হয়েছে। প্রাক্তন ফুটবলারদের দাবি, গত তিন বছরে বর্তমান সভাপতি ও পরিচালন কমিটি দায়িত্ব নেওয়ার পর ভারতের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং ৯৫ থেকে নেমে ১৩৮-এ পৌঁছে গিয়েছে।

তাঁদের বক্তব্য, সাম্প্রতিক এই র‍্যাঙ্কিং আন্তর্জাতিক স্তরে দেশকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে—বিশেষ করে এমন একটা সময়ে, যখন ভারত নিজেদের ক্রীড়াপ্রধান দেশ হিসেবে তুলে ধরতে চাইছে এবং আগামী কয়েক বছরের মধ্যে গ্রীষ্মকালীন অলিম্পিক্স (Olympics) আয়োজনের স্বপ্ন দেখছে। আগামী ২০ ডিসেম্বর এআইএফএফ-এর নির্বাচনকে সামনে রেখে বাইচুংদের এই পদক্ষেপ ভারতীয় ফুটবল মহলে নতুন করে তীব্র আলোচনা ও চাপানউতর তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *