লাঠি উঁচিয়ে প্রশ্ন থামানো যাবে না!’ বইপাড়ায় সংঘাতের পর আদালতের হুঁশিয়ারি দেবাঞ্জনের, উত্তাল কলকাতা

বইপাড়ায় ফের ছড়াল উত্তেজনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের প্রতিবাদ কর্মসূচি এবং অনলাইন বুকস্টলের সূচনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের সংঘাত বাধে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, মহিলা কর্মীদের গায়ে হাত তোলা এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ তুলেছে এসএফআই। ধাক্কাধাক্কিতে কয়েকজন কর্মী রাস্তায় পড়ে যান বলেও অভিযোগ উঠেছে।

এই কর্মসূচি থেকেই আগামী ২১ নভেম্বর, শনিবার দুপুর ১টায় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বৃহত্তর মিছিলের ডাক দিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। বাম ছাত্র সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি বইপ্রেমী, গণতন্ত্রপ্রেমী এবং সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কীভাবে সংঘাতের সূত্রপাত? এসএফআইয়ের দাবি, বৃহস্পতিবারের এই উত্তেজনার সূত্রপাত বুধবারের কলেজ স্ট্রিটের অশান্তিকে কেন্দ্র করে। অভিযোগ, বুধবার বিমান বসুকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় আক্রমণ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া এবিভিপির এক সদস্যকে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখতে পান সংগঠনের কর্মীরা। ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হওয়া সত্ত্বেও কীভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রশ্ন তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, এরপরই পুলিশ ওই ব্যক্তিকে ভিড়ের মধ্য থেকে সরিয়ে নিয়ে যায় এবং পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের বচসা শুরু হয়। প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে পুলিশ কর্মীরা লাঠি উঁচিয়ে তেড়ে আসেন এবং ধাক্কাধাক্কি ও মারধর শুরু করেন বলে অভিযোগ সংগঠনের। মহিলা কর্মীদের ওপরও পুলিশ চড়াও হয় এবং কয়েকজন রাস্তায় পড়ে যাওয়ার পরও তাঁদের ধাক্কা দিতে দিতে সিপিএমের জোড়াসাঁকো এরিয়া কমিটির দফতরের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে দাবি এসএফআইয়ের।

আদালতের হুঁশিয়ারি ও বাম নেতার অপমান প্রসঙ্গ ঘটনায় সরব হয়ে দেবাঞ্জন দে বলেন, বুধবার কলেজ স্ট্রিটে বইয়ের স্টলের ওপর বোমা নিক্ষেপ এবং জাতীয় পতাকার ওপর ডিম ছোড়ার মতো ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি, অথচ বই বিক্রি করতে বসা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর দাবি, গত পরশু বই বিক্রির কর্মসূচি থেকে ৪১ জন ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়, যাঁদের মধ্যে ৩০ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছেন।

দেবাঞ্জনের প্রশ্ন, একদিকে ছাত্রছাত্রীদের গ্রেফতার করে লালবাজারের লকআপে রাখা হচ্ছে, অন্যদিকে কলেজ স্ট্রিটে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? অভিযুক্তদের আড়াল করতেই পুলিশ অভিযোগকারীদের ওপর আক্রমণ করছে বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, জোড়াসাঁকো থানায় অভিযোগপত্র জমা দিতে প্রথমে গড়িমসি করা হলেও পরে আন্দোলনের চাপে রিসিভ কপি দেওয়া হয়, কিন্তু দৃশ্যমান কোনও পদক্ষেপ হয়নি।

এবিভিপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দেবাঞ্জন বলেন, অতীতে ছাত্র আন্দোলনে পুলিশি নির্যাতনের শিকার হওয়া বিমান বসুর মতো প্রবীণ বাম নেতাকে প্রকাশ্যে অপমান করার অধিকার কারও নেই। ওই এবিভিপি সদস্য মেদিনীপুরের একাধিক কলেজে ছাত্র সংগঠনের ঘর পোড়ানো এবং খুনের চেষ্টার মামলার সঙ্গে যুক্ত বলেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে মনুবাদী রাজনীতির অভিযোগ তুলে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন।

‘বই বনাম বোমার যুদ্ধে বইয়ের পক্ষ নিন’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে দেবাঞ্জন বলেন, কলেজ স্ট্রিটে বইয়ের ওপর হামলার অভিযোগ ওঠার সময় মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো চত্বরেই ছিলেন, অথচ প্রকাশ্যে এই ধরনের ঘটনা চলতে দেওয়া হবে না বলে বার্তা দিয়েছিলেন। তাঁর কথায়, বইপাড়ায় বই চলে, বোমা চলে না; সমস্ত বোমার শক্তির চেয়ে বেশি শক্তি রয়েছে একটি বইয়ের। কলেজ স্ট্রিটকে ভয়মুক্ত করা, বইয়ের স্বাধীনতা রক্ষা, এবিভিপির হামলার অভিযোগের প্রতিবাদ এবং পুলিশের দমন-পীড়নের বিরুদ্ধেই শনিবারের মিছিল হবে বলে জানান তিনি। দেবাঞ্জনের বার্তা, “বই বনাম বোমার যুদ্ধে বইয়ের পক্ষ নিন। বোকা মানুষ, ধরো বই—ওটাই হাতিয়ার।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *