বিচারব্যবস্থা সংস্কার না করলে সমালোচনা থামবে না!” হাইকোর্টের কোপের মুখে পড়ে এবার সরাসরি তোপ সৌরভ দাসের

বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট শো-কজ করার পরেই তাঁর সমর্থনে প্রকাশ্য ময়দানে নেমে পড়লেন ককরোচ জনতা পার্টি (CJP)-র সৌরভ দাস। এর আগে তিহাড় জেলে থাকাকালীন সৌরভদের সমর্থনে অভিষেক নিজে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এবার হাইপ্রোফাইল এই মামলায় সরাসরি বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌরভ দাস, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
কী লিখেছেন সৌরভ দাস?
এ দিন বিকেল নাগাদ ‘লাইভ ল’-এর একটি আইনি প্রতিবেদন রি-পোস্ট করে ককরোচ জনতা পার্টির সৌরভ দাস সোশাল মিডিয়ায় লেখেন, “নতুন এক প্রবণতা দেখা যাচ্ছে—যে কোনও ব্যক্তি বিচারপতিদের বিরুদ্ধে মুখ খুললেই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হচ্ছে। অথচ যেসব সমস্যা ও অসঙ্গতি মানুষকে প্রকাশ্যে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করতে বাধ্য করছে, সেগুলি সংশোধন করার পরিবর্তে বিচারব্যবস্থা তাঁদেরই ক্রমাগত হেনস্থা করতে ব্যস্ত।”
এখানেই থেমে থাকেননি তিনি। এরপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৌরভ আরও লেখেন, “কিন্তু এই ধরনের কৌশল আর কাজে আসবে না। আগে এই অভিশপ্ত ব্যবস্থার সংস্কার করুন। তারপরই আমরা আপনাদের সমালোচনা করা বন্ধ করব!”
ঠিক কী কারণে আইনি পদক্ষেপ?
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর নিজের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানির সময় বিচারব্যবস্থার একাংশ এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও-এর নাম উল্লেখ করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলাতেই বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছে যে, অভিষেকের ওই মন্তব্য ক্রিমিনাল কনটেম্প্ট বা ফৌজদারি আদালত অবমাননার সামিল। বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে, অভিষেক কেবল একজন সাংসদই নন, তিনি এই মামলার স্বয়ং মামলাকারীও। তাই তাঁর এই ধরনের বক্তব্য বিচারপ্রক্রিয়ায় প্রভাব খাটানোর সুচিন্তিত চেষ্টা। এই ঘটনায় অভিষেককে আনুষ্ঠানিকভাবে শো-কজ করেছে হাইকোর্ট এবং আগামী ১৫ দিনের মধ্যে তার লিখিত জবাব তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর।
পুরনো সেই কৃতজ্ঞতার সমীকরণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৌরভ দাসের এই সরব হওয়ার নেপথ্যে রয়েছে অতীতেরই এক সমীকরণ। অতীতে যন্তর মন্তরের গেট টপকে ভিতরে ঢুকে প্রতিবাদের স্বরূপ ভারতের জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় ককরোচ নেতাদের গ্রেফতারে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়ে তীব্র নিন্দা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কটাক্ষ করে লিখেছিলেন, “নিজের দেশে তেরঙা পতাকা ওড়ানোর জন্য ভারতীয়দের গ্রেফতার করা হচ্ছে। বিজেপির পাকিস্তানোচিত ভারতে স্বাগত।” বর্তমান পরিস্থিতিতে সেই পুরনো বন্ধুত্বের কথা স্মরণ করেই অভিষেকের পাশে দাঁড়িয়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ শানালেন সৌরভ দাস।