কোর্ট অবমাননা হলে সবার জন্যই হোক!” বিরোধী নেতাদের নাম টেনে কলকাতা হাইকোর্টকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ

আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের তরফে শো-কজ নোটিশ পাঠানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিচার ব্যবস্থার একাংশের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আক্রমণ শানান। একই সঙ্গে বিজেপি নেতা ও সাংসদদের অতীতের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে বিচার প্রক্রিয়ায় দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন তিনি।

কী অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

এ দিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক দাবি করেন যে, বিচারব্যবস্থার একটি অংশ প্রবল চাপের মুখে পড়ে কাজ করছে। নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমার ক্ষেত্রে ঘটনার চার-ছ’দিনের মধ্যে আদালত অবমাননার শো-কজ নোটিশ ধরানো হয়। অথচ গত বছর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছিলেন, দেশে ধর্মযুদ্ধ লাগানোর জন্য সুপ্রিম কোর্ট দায়ী। চার বছর আগে বিপ্লব দেব বলেছিলেন, কোর্ট যাই আদেশ দিক না-কেন, শেষ পর্যন্ত রাজ্য পুলিশই ঠিক করে কাকে জেলে পাঠানো হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকাকালীন আদালতের রায় কী হবে, তা এক সপ্তাহ আগেই বলে দিতেন। কিন্তু তাঁদের কারও বিরুদ্ধে তো আদালত অবমাননার মামলা হয়নি!”

আইন যে সবার জন্য সমান হওয়া উচিত, সেই কথা মনে করিয়ে দিয়ে অভিষেক আরও বলেন যে, অতীতে বিজেপি করার সময় মুকুল রায়, অর্জুন সিং বা শুভেন্দু অধিকারীকে আদালত আইনি সুরক্ষা দিয়েছিল। অথচ তিনি নিজে বিরোধী রাজনীতি করা সত্ত্বেও সেই আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ নাগরিক বা সাংসদদের রিট পিটিশন মাসের পর মাস আদালতে ঝুলে থাকলেও বড় শিল্পপতিদের মামলা একদিনেই নিষ্পত্তি হয়ে যায় বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা সত্ত্বেও নির্বাচন কমিশন বা রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির বিরুদ্ধে কেন আদালত অবমাননার পদক্ষেপ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

মিথ্যা মামলা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তোপ

নিজের ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ তুলে অভিষেক বলেন, “গত ৭ নভেম্বর আমার বাড়িতে হামলার পর উলটে আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে, যেখানে খোদ অভিযোগকারী ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। দক্ষিণ কলকাতার যুব সভাপতি ক্ষিতীশ দাস-সহ একাধিক তৃণমূল নেতাকে মিথ্যা মামলায় জেল খাটানো এবং এনআইএ-র নোটিশ পাঠিয়ে হয়রান করা হচ্ছে।”

পাশাপাশি তাঁর নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি জানান, গত ১৯ জুন বিমানবন্দরের ৩সি গেটের বাইরে বন্দুক হাতে এক দুষ্কৃতী তাঁকে খুন করতে এসেছিল, অথচ ঠিক দু’দিন আগেই সেই ব্যক্তির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

ঠিক কী কারণে এই শো-কজ নোটিশ?

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর নিজের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানির সময় বিচারব্যবস্থার একাংশ এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও-এর নাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টকে কেন্দ্র করে রাজ্য সরকারের আর্জির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে মঙ্গলবারই অভিষেককে শো-কজ নোটিশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে এই নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা ও পুলিশ প্রশাসনকে নিশানা

রাজ্যের সাম্প্রতিক এনকাউন্টারের ঘটনা নিয়েও প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়ান তৃণমূল সাংসদ। তাঁর মতে, “এই ধরনের এনকাউন্টার প্রমাণ করে যে বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এনকাউন্টার করেই যদি অপরাধ দমন সম্ভব হতো, তবে গত চার-পাঁচ মাসে বাংলায় আড়াই হাজার ধর্ষণ আর ৬০০-র ওপর খুন হলো কেন? অপরাধীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে পালাচ্ছেই বা কেন?” রবীন্দ্রনাথের পঙক্তি উদ্ধৃত করে তিনি তীব্র হুঁশিয়ারি দিয়ে জানান, তিনি মাথা নত করে লড়াই করার পাত্র নন। আগামী দু’বছরের মধ্যে আইনবহির্ভূত কাজ করা পুলিশ আধিকারিকদের সঠিক আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা হবে।

বিজেপির তীব্র প্রতিক্রিয়া

অভিষেকের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ময়দানে নেমেছে পদ্মশিবির। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা তোপ দেগে বলেন, “একবার প্রকাশ্য জনসভায় নাকখত দেওয়ার কথা বলার পরেও ওঁর কোনো পরিবর্তন হয়নি। দেশের সংবিধান ও আদালতকে পদদলিত করে নিজের মতো করে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এর শেষ পরিণতি একমাত্র জেলেই হতে পারে। বারবার বারণ করা সত্ত্বেও উনি যা করছেন, তাতে সম্ভবত শহিদ হওয়ার ইচ্ছে রয়েছে। তবে মনে রাখা দরকার, ভারতীয় সংবিধান এতটা ঠুনকো নয়। না বুঝলে ভবিষ্যতে তা বুঝিয়ে দেওয়া হবে।”

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *