আইন কি আমার জন্য আর বিজেপির জন্য আলাদা?” বিচারব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেকের

আদালতের শো-কজ নোটিস পাওয়ার পরেও অবস্থান বদল করলেন না তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে আরও একবার সরাসরি বিচারব্যবস্থা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনি ধাক্কার মুখে পড়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, তিনি মাথা নত করার পাত্র নন এবং বর্তমান বিচারব্যবস্থা পুরোপুরি নিরপেক্ষ নয়। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একঝড় ও তীব্র আইনি-রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

ঠিক কী ঘটেছিল আদালতে এবং অভিষেকের প্রতিক্রিয়া?

গত ৭ নভেম্বর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বড়সড় আইনি ধাক্কার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন যে, ওই মন্তব্য ‘ক্রিমিনাল কনটেম্প্ট বা ফৌজদারি আদালত অবমাননার’ সামিল। মূলত ১২ নভেম্বর অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের শুনানির সময় রাজ্যের কৌঁসুলি বিল্বদল ভট্টাচার্য অভিযোগ তোলেন যে, অভিষেক বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালত অবমাননা করেছেন। সরকারি কৌঁসুলির দাবি ছিল, অভিষেক সংবাদমাধ্যমের সামনে বিচার প্রক্রিয়া নিয়ে বেশ কিছু আপত্তিকর ও প্রশ্নচিহ্ন সৃষ্টিকারী মন্তব্য করেছিলেন।

এই শো-কজ ও নোটিসের বিষয়টি প্রকাশ্যে আসার পর এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চড়া সুরে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমি সেটা বলিনি। আমরা ২০২৪ সালে অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি। আমি মন্তব্য করেছি কারণ বিচার ব্যবস্থা একাধিক গাইডলাইন দেওয়ার পরেও কেন্দ্র সরকার তা মানেনি। তবে আমি বিচার ব্যবস্থার ওপর আস্থাশীল।”

এরসঙ্গেই তাঁর প্রশ্নবাণ ছিল অত্যন্ত ধারালো— “আমার বিরুদ্ধে করলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয় কেন? আইন সবার কাছে সমান হওয়া উচিত। আইন কি আমার জন্য এক আর বিজেপির লোকের জন্য আলাদা? গত ৭ তারিখ আমার বাড়িতে হামলা হয়েছে, উল্টে আমাকেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে। আমি মাথা নত করার লোক নই। বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়।”

পুলিশ ও আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক অভিযোগ

এদিন শুধু বিচারব্যবস্থাই নয়, রাজ্য তথা দেশের আইনশৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে ঘটে যাওয়া কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গ টেনে তিনি আক্রমণ শানিয়ে বলেন, “একের পর এক এনকাউন্টার এটাই প্রমাণ করে যে পুলিশ নিজেই নিরাপদ নয়, তাহলে মা-বোনেরা নিরাপদ থাকবেন কী করে? গত ৬ মাসে প্রায় ২৫০০-এর মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ এত দুর্বল কেন? গত ১৫ বছরে তো এমন দেখিনি! আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। হঠাৎ করে চাইলাম আর এনকাউন্টার হয়ে গেল— তাহলে তো ইডি, সিবিআই, সিআইডি-র কোনো প্রয়োজনই পড়ে না।”

নিজের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন জানিয়ে তিনি যোগ করেন যে, তিনি কেবল সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি, অতীতে বিমান বন্দরের বাইরে তাঁকে বন্দুক নিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল এবং অভিযুক্ত ব্যক্তি তার দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিল বলে অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়ান অভিষেক। সেই ঘটনায় কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও ক্ষোভপ্রকাশ করেন তিনি।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *