নবাবহাটে আগেই ধরা পড়েছিল রতন! নানুরে পুলিশকে গুলি চালানোর তত্ত্ব উড়িয়ে বিস্ফোরক দাবি নিহত গ্যাংস্টারের দাদার

নানুরের এনকাউন্টার কাণ্ডে এবার পুলিশের তত্ত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন নিহত রতন শেখের দাদা সালাম শেখ। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, রতনকে আগেই বর্ধমানের নবাবহাটে ধরে ফেলা হয়েছিল। সুতরাং, পুলিশের ওপর গুলি চালানোর যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
পুলিশের তত্ত্ব বনাম পরিবারের দাবি
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নানুরে রতনকে ধরতে গেলে সে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় এবং তাতেই রতনের মৃত্যু হয়। কিন্তু এই তত্ত্বকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তার দাদা সালাম শেখ।
তাঁর দাবি, গত শুক্রবার শান্তিনিকেতনে পুলিশের ওপর গুলি চালানোর পর রতন বর্ধমানে পালিয়ে গিয়েছিল এবং পূর্ব বর্ধমানের নবাবহাটেই পুলিশের হাতে ধরা পড়ে। সালামের প্রশ্ন, “একবার ধরা পড়ে যাওয়ার পর রতন নানুরে গিয়ে পুলিশের দিকে কীভাবে গুলি চালাবেন? রবিবার রতনের কাছে কোনও অস্ত্রই ছিল না।” এমনকি, পুলিশকে তাঁর ভাইয়ের খোঁজ তিনিই দিয়েছিলেন বলেও দাবি করেছেন সালাম।
ইটভাটায় সিআইডি-র ফরেনসিক তল্লাশি
মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রতনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর ময়নাতদন্তের রিপোর্ট ও দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে নানুরের সেই পরিত্যক্ত ইটভাটায় পৌঁছয় সিআইডি-র ফরেনসিক দল। মেটাল ডিটেক্টর ব্যবহার করে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি, একটি ম্যাগাজ়িন ও কিছু কাচের টুকরো উদ্ধার করেছে তদন্তকারী দল।
রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া
এই এনকাউন্টার ঘিরে বিরোধীরাও রাজ্য সরকারকে একহাত নিতে শুরু করেছে। হাসনের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মিল্টন রশিদ তীব্র নিন্দা করে বলেন, সরকার ও পুলিশ পূর্বপরিকল্পনা করে কাউকে মেরে ফেললে তা সম্পূর্ণ আইনবিরোধী। আইনি পথে বিচার না করে এভাবে কাউকে শেষ করে দেওয়া নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।