শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা! গ্যাংটকে প্রয়াত কলকাতার জনপ্রিয় টেকনিসিয়ান, শোকস্তব্ধ টলিউড

শুটিং করতে গিয়ে সিকিমের গ্যাংটকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রয়াত হয়েছেন কলকাতার লাইট বিভাগের দক্ষ কর্মী পিন্টু মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই আকস্মিক মৃত্যুতে গোটা বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ।
শুটিংয়ের লোকেশন পরিবর্তনের পথেই বিপত্তি
জানা গিয়েছে, মুম্বইয়ের জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের আসন্ন ছবি ‘মিশন মির্চি’র শুটিং চলছিল গ্যাংটকে। কুণাল দেশমুখ পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিজয় বর্মা এবং জয়দীপ আহলাওয়াত। ছবির শুটিংয়ের কাজে কলকাতা থেকে লাইট বিভাগের কর্মী হিসেবে সেখানে যোগ দিয়েছিলেন পিন্টু মণ্ডল। তিনি মূলত ‘লাইট অ্যান্ড লাইট’ (কলকাতা)-এর অধীনে কাজ করতেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গত ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও সংলগ্ন এলাকায় শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের দ্বিতীয় দিন অর্থাৎ গত ১৬ নভেম্বর লোকেশন পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। সেই গাড়িতেই ছিলেন পিন্টু মণ্ডল। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে একদিনের লড়াই শেষ
দুর্ঘটনার পরই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর সঙ্গে প্রায় একদিন লড়াই করার পর ১৭ নভেম্বর সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিন্টু মণ্ডল। একটি শুটিং ফ্লোরের নেপথ্যের কারিগরি কর্মীর এমন আকস্মিক প্রয়াণে সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।