আপনি একা নন!’ কঠিন সময়ে অভিনেতা শরদ কাপুরকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন কোন দুই সুপারস্টার? জানুন বিশদে

‘জোশ’ খ্যাত জনপ্রিয় অভিনেতা শরদ কাপুরের জীবনের চরম কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান এবং অভিনেতা সনু সুদ। সম্প্রতি শরদ কাপুরের একটি আবেগঘন আর্জির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই দুই তারকা। অভিনেতার এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য সলমন ও সনুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)।
সলমন ও সনুর অবদান নিয়ে যা জানাল এআইসিডব্লিউএ
সোমবার ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে সলমন খান ও সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ হয় এআইসিডব্লিউএ। সিনে জগতের এই সংগঠনটি ইন্ডাস্ট্রির সফল ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তাঁরা দুঃসময়ে থাকা শিল্পীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।
বিবৃতিতে সলমন খানকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, এই কঠিন সময়ে অভিনেতা শরদ কাপুরকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সলমন। এই ধরনের উদ্যোগ কেবল শরদ কাপুরকেই নয়, বরং সেই সমস্ত শিল্পীদের মনেও নতুন আশার আলো জাগায়, যারা দুঃসময়ে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়ার আশঙ্কা করেন।
পাশাপাশি, সনু সুদের প্রশংসায় বলা হয়েছে, শরদ কাপুরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে কাজের সুযোগ করে দেওয়ার মতো একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করেছেন সনু। শুধু তাই নয়, তাঁর চিকিৎসার সুব্যবস্থাও করেছেন তিনি। শরদ কাপুর মূলত সম্মানের সঙ্গে কাজ করার সুযোগই চেয়েছিলেন, আর সেটাই নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন সনু সুদ।
আবেগঘন ভিডিও থেকেই বিপদের সূত্রপাত
সম্প্রতি অভিনেতা শরদ কাপুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। পায়ে চোট পাওয়ার কারণে তিনি তাঁর চার পোষ্য কুকুর—জশ, রেবেল, স্টার এবং প্যান্থারকে সাময়িকভাবে মুম্বইয়ের ‘ইউথ অর্গানাইজেশন ইন ডিফেন্স অফ অ্যানিম্যালস’ (YODA) পরিচালিত একটি শেল্টার হোমে রেখে আসার সিদ্ধান্ত নেন। পোষ্যদের থেকে বিদায় নেওয়ার সেই আবেগঘন মুহূর্তটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের পাশাপাশি বিনোদন জগতের অনেকেই নড়েচড়ে বসেন।
ইন্ডাস্ট্রির বৃহত্তর পরিবারের বার্তা
এআইসিডব্লিউএ-র বিবৃতিতে আরও বলা হয়েছে, বলিউডে অনেকের জীবনেই অতীতে কঠিন সময় এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। এই সংকট কোনো আগাম বার্তা দিয়ে আসে না। আজ এমন পরিস্থিতির শিকার হয়েছেন শরদ কাপুর। ইন্ডাস্ট্রির ভালো অবস্থানে থাকা মানুষদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো, কারণ তাঁরা প্রত্যেকেই ভারতীয় চলচ্চিত্র পরিবারের অংশ।
বিবৃতির শেষে বার্তা দেওয়া হয়েছে, “শরদ কাপুর, আপনি একা নন। পুরো বিনোদন জগত আপনার পাশে আছে। ভালো কিংবা খারাপ—সব সময়েই আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।”