মার্কিন মুলুকে পড়তে যাওয়ার স্বপ্ন কি তবে ভাঙছে? হঠাৎ ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা হ্রাসের নেপথ্যে কোন ভয়ংকর সত্য?

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের মুকুটে এতদিন যে সাফল্যের পালক যুক্ত ছিল, তাতে এবার বড়সড় ধাক্কা লাগল। দীর্ঘ তিন বছর ধরে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পড়ুয়াদের নাম নথিভুক্ত করার হার লাগাতার ঊর্ধ্বমুখী থাকলেও, নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী সেই ধারায় বড় ধরনের ছন্দপতন ঘটেছে। ‘ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন’ (IIE)-এর সাম্প্রতিক ‘ওপেন ডোর্স রিপোর্ট’ অনুযায়ী, আকাদেমিক ইয়ার ২০২৫-২৬-এ আমেরিকায় ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বার্ষিক ভিত্তিতে ৬..৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। তবে এতকিছুর পরেও একটি জায়গায় ভারতীয় শিক্ষার্থীরা তাদের আধিপত্য বজায় রেখেছে—আমেরিকার মাটিতে বিদেশি পড়ুয়াদের সবথেকে বড় গোষ্ঠী এখনও ভারতীয়রাই।
কোথায় সবচেয়ে বেশি ভাঙন? IIE-এর রিপোর্ট জানাচ্ছে, চলতি শিক্ষাবর্ষে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় পড়ুয়াদের মোট সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩,৩৯,৪৩৫ জনে। এই ধস কেবল ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, সামগ্রিকভাবে আমেরিকা জুড়ে সমস্ত দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যাও ২.৭ শতাংশ কমে ১১,৪৬,১৬৩ জনে এসে ঠেকেছে। বিশেষ করে নতুন ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও শোচনীয়। প্রথম বর্ষে ভর্তির হার এক ধাক্কায় ১৭.৭ শতাংশ কমে ২,২৮,১২৩ জনে নেমে এসেছে।
শিক্ষাগত স্তরের বিচার করলে দেখা যাবে, ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর স্তরেই এই পতনের ধাক্কা সবচেয়ে জোরালোভাবে অনুভূত হয়েছে। আমেরিকায় ভারতীয় গ্র্যাজুয়েট পড়ুয়াদের সংখ্যা হু হু করে ৩৪.৪ শতাংশ কমে ১,১৬,৬০৯-এ নেমে এসেছে। যদিও আশ্চর্যের বিষয় হলো, আন্ডারগ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে ভারতীয়দের সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে, যেখানে মাত্র ০.৩ শতাংশের অতি সামান্য পতন দেখা গিয়েছে।
পড়াশোনার পর OPT-এ বুস্ট! নতুন एडमिशन বা ভরতির হার কমলেও, একটি জায়গায় ভারতীয়দের সংখ্যা উলটো পথে হেঁটেছে। পড়াশোনা শেষ করে মার্কিন মুলুকে প্র্যাক্টিক্যাল ট্রেনিং বা কাজের অভিজ্ঞতার সুযোগ করে দেওয়া ‘অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং’ বা OPT-এর ক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, ওপিটি (OPT)-তে অংশ নেওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা ২৬.৮ শতাংশ লাফিয়ে বেড়ে ১,৮২,২০১ জনে পৌঁছেছে। এর থেকে স্পষ্ট যে, নতুন পড়ুয়াদের আসার হার কমলেও, যাঁরা ইতিমধ্যেই সেখানে আছেন, তাঁদের বড় একটা অংশ পড়াশোনা শেষের পর প্রশিক্ষণ ও চাকরির অভিজ্ঞতার খাতিরে আমেরিকা ছাড়তে নারাজ।
কেন হঠাৎ এই পিছু হঠার প্রবণতা? বিশেষজ্ঞমহল ও রিপোর্টের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কঠোর ইমিগ্রেশন ও ভিসা নীতিই এই পরিস্থিতির জন্য প্রধানত দায়ী। স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ ও কড়া চেকিং, আন্তর্জাতিক যাতায়াতের ওপর কড়াকড়ি এবং ডিগ্রি অর্জনের পর মার্কিন জব মার্কেটে স্থায়ী কর্মসংস্থানের অনিশ্চয়তা পড়ুয়াদের মনে গভীর ভয়ের সৃষ্টি করেছে। জরিপে অংশ নেওয়া মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির ৮৮ শতাংশই ভিসা প্রক্রিয়ার এই কঠোরতাকে ছাত্রসংখ্যা হ্রাসের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে। একই সঙ্গে, ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে যে ভ্রমণ সংক্রান্ত নানা বিধিনিষেধ এবং প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানের মতে—মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এখন বিকল্প ও সহজতর দেশগুলির দিকে ঝুঁকছেন আন্তর্জাতিক পড়ুয়ারা।