AI-এর হাত ধরে বড় বিপদের মুখে বিশ্ব! গুগলের এই চাঞ্চল্যকর সতর্কবার্তায় কেঁপে উঠল টেক দুনিয়া!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) মানুষের দৈনন্দিন কাজকে যতটা সহজ করে তুলেছে, ঠিক ততটাই তা সাইবার অপরাধীদের জন্য এক ভয়ঙ্কর মারণাস্ত্র হয়ে উঠছে। এতদিন হ্যাকাররা বিক্ষিপ্ত ও ছোটোখাটো কাজের জন্য এআই-এর সাহায্য নিলেও বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। টেক জায়ান্ট গুগল সম্প্রতি এক অত্যন্ত চাঞ্চল্যকর সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে, সাইবার অপরাধীরা এখন এমন সব ‘এআই এজেন্ট’-এর ব্যবহার শুরু করেছে, যা কোনো রকম মানবীয় সাহায্য ছাড়াই নিজে থেকেই সফটওয়্যারের গোপন ত্রুটি খুঁজে বের করতে এবং হামলার ছক কষতে সক্ষম।
গুগলের রিপোর্টে কী তথ্য সামনে এল? গুগলের ‘থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ’ (GTIG) সম্প্রতি তাদের ‘GTIG AI Threat Tracker: Agentic Threat Activity Crosses a Significant Threshold’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদনে ‘exploit_agent’ নামের একটি মাল্টি-এজেন্ট ফ্রেমওয়ার্কের সন্ধান পেয়েছে। এই অত্যাধুনিক সিস্টেমটি সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা এবং তার সুযোগ নিয়ে হামলা চালানোর গোটা প্রক্রিয়াটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। সাইবার যুদ্ধের ইতিহাসে একে এক বিশাল ও বিপজ্জনক মোড় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কীভাবে কাজ করছে এই এআই চালিত সিস্টেম? গুগলের প্রতিবেদন অনুযায়ী, এই ‘exploit_agent’ সবসময় জনপ্রিয় সফটওয়্যার এবং সেগুলির নতুন আপডেটগুলির ওপর কড়া নজর রাখে। কোনো কোম্পানি যখনই তাদের সফটওয়্যার সুরক্ষিত করতে কোনো সিকিউরিটি আপডেট বা প্যাচ রিলিজ করে, তখন এই সিস্টেমটি খুব দ্রুত পুরোনো ও নতুন কোডের মধ্যে তুলনা করে। এর ফলে তারা সহজেই বুঝে যায় যে, ঠিক কোন নিরাপত্তা ত্রুটিটিকে ওই আপডেটের মাধ্যমে ঠিক করা হয়েছে।
এরপর, এই এআই সিস্টেমটি সেই সমস্ত কোম্পানি বা সংস্থাকে টার্গেট করার পরিকল্পনা করে, যারা এখনও নিজেদের সফটওয়্যার আপডেট করেনি। অর্থাৎ, কোম্পানিগুলো নিজেদের সুরক্ষা বাড়াতে যে প্যাচ আনছে, সেই তথ্যই হ্যাকারদের কাছে আক্রমণের মোক্ষম রাস্তা হয়ে দাঁড়াচ্ছে।
ফ্রান্সের ওয়েবসাইটগুলির ওপর বিশেষ নজর গুগল এই বিপজ্জনক ফ্রেমওয়ার্কটি এমন একটি সার্ভার থেকে উদ্ধার করেছে, যার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল। ওই সার্ভারে একাধিক বড় ও স্থানীয় এআই মডেল যুক্ত ছিল। এছাড়া সেখানে সাইবার হামলার নানা গোপনীয় তথ্য, নেটওয়ার্ক স্ক্যান করার স্ক্রিপ্ট এবং বিভিন্ন কার্যকলাপে ব্যবহৃত ডেটাও পাওয়া গিয়েছে। গুগলের রিপোর্ট জানাচ্ছে, এই হ্যাকার চক্রটি বিশেষ করে ফ্রান্সের সংবাদমাধ্যম, বিনোদন এবং শিক্ষামূলক ওয়েবসাইটগুলির প্রতি মারাত্মক আগ্রহ দেখাচ্ছিল।
মেশিনের গতিতে বাড়ছে সাইবার হামলা গুগল স্পষ্ট জানিয়েছে যে হ্যাকারদের পদ্ধতি সম্পূর্ণ নতুন না হলেও, এআই-এর ছোঁয়া লাগায় তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বহুগুণ বেড়ে গিয়েছে। জিটিআইজি-র চিফ অ্যানালিস্ট জন হাল্টকুইস্টের মতে, হ্যাকাররা এখনও মূলত সেই পুরোনো ও উপেক্ষিত সিকিউরিটি ত্রুটিগুলিকেই টার্গেট করছে, যা কোম্পানিগুলি সময়মতো ঠিক করেনি। উদাহরণ হিসেবে ‘PaperCut’ প্রিন্ট ম্যানেজমেন্ট সার্ভারের দুটি মারাত্মক নিরাপত্তার ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের আগস্টের শেষের দিকে এই ত্রুটির কথা সামনে আসার মাত্র এক দিনের মধ্যে গবেষকরা এআই-এর সাহায্যে এর এক্সপ্লয়েট প্রস্তুত করে ফেলেন এবং তার কিছুদিনের মধ্যেই শত শত সংস্থাকে টার্গেট করে হামলা চালানো হয়।
পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে গুগল মনে করছে যে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এবার কোম্পানিগুলোকেও আরও বেশি করে এআই-এর সাহায্য নিতে হবে। কারণ হামলা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিনের অবিশ্বাস্য গতিতে পরিচালিত হচ্ছে, তখন তার মোকাবিলা করার জন্য প্রযুক্তির গতিও সমানে সমানে বাড়াতে হবে।