৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! সুনামি নিয়ে কী জানাল প্রশাসন?

শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির বান্দা সাগর অঞ্চলে প্রবল ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রাথমিক কম্পনের মাত্রা ৭.৪ রেকর্ড করা হলেও, পরে তা সংশোধন করে ৬.৬ করা হয়েছে। হঠাৎ এই তীব্র কম্পনে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল মালুকু প্রদেশের কাই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে প্রায় ১৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প নতুন কিছু নয়। তবে স্বস্তির খবর হলো, ভূকম্পন বিশেষজ্ঞদের প্রাথমিক তথ্য অনুযায়ী এই দম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বা আগ্নেয় বলয়ের ঠিক উপরে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম সংবেদনশীল ও ভূমিকম্পপ্রবণ এলাকা। একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এখানে প্রায়ই বড় ধরনের বিপর্যয় ঘটে। ২০০৪ সালের ডিসেম্বরে ভারত মহাসাগরে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনও টাটকা, যা ১৭টি দেশের উপকূলে আছড়ে পড়ে বড় ধরনের ধ্বংসলীলা চালিয়েছিল। বর্তমান পরিস্থিতি উপর নজর রাখছে প্রশাসন।