৫ বছর পর ফিরছে ‘তানসেনের তানপুরা’! নতুন সিজনে কোন মায়াবী রহস্যে জড়াতে চলেছেন বিক্রম-রূপসা?

সঙ্গীতের সুর, প্রাচীন ইতিহাস আর রোমহর্ষক রহস্যের এক অদ্ভুত মেলবন্ধন নিয়ে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটাতে ফের পর্দায় ফিরছে জনপ্রিয় ওটিটি সিরিজ ‘তানসেনের তানপুরা’ (Tansener Tanpura)। নতুন এই অধ্যায়ের নাম রাখা হয়েছে ‘তানসেনের তানপুরা: মোহনবংশী’। হইচই প্ল্যাটফর্মে আগামী জানুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি। বরাবরের মতো এই পর্বেও আলাপ ও শ্রুতির জুটিতে নজর কাড়বেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন সিজনটি আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে। গল্প অনুযায়ী, দীর্ঘ পাঁচ বছর পর আলাপ ও শ্রুতি এখন বাগদত্ত এবং জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময়ই আলাপের পরিবারের একটি মর্মান্তিক ঘটনা সমস্ত হিসাব ওলটপালট করে দেয়। সেই ঘটনার সূত্র ধরেই সামনে আসে ‘মোহনবংশী’ নামের এক রহস্যময় সংকেত।

এর ঠিক এক বছর বাদে একটি অমূল্য তানপুরা চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন রহস্যের জট খুলতে শুরু করে। তদন্তের খাতিরে আলাপ ও শ্রুতির গন্তব্য হয় মাইসারগড়ি। সেখানে তারা জড়িয়ে পড়ে রহস্যময় ঘোষ পরিবারের নানা সমীকরণে। একের পর এক বিস্মৃত ইতিহাস, পরিবারের দীর্ঘদিনের চাপা পড়ে থাকা গোপন তথ্য এবং ইতিহাসের অজানা কাহিনি বেরিয়ে আসতে শুরু করে। এই রোমাঞ্চকর রহস্যের সমাধান করতে গিয়ে আলাপ ও শ্রুতিকে কোন কোন মারাত্মক বিপদের মুখোমুখি হতে হয়, সেটাই এই সিরিজের মূল আকর্ষণ।

বিক্রম চট্টোপাধ্যায়ের কাছে এই ফ্র্যাঞ্চাইজিটি অত্যন্ত বিশেষ, কারণ এটি তাঁর প্রথম ওটিটি কাজও বটে। তাঁর মতে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে রহস্য ও গুপ্তধনের অনুসন্ধানকে মিলিয়ে এমন জমজমাট কন্টেন্ট খুব একটা দেখা যায় না। বাঙালির সঙ্গীতপ্রীতির সঙ্গে রহস্যের এই মিশ্রণ দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে।

মূল জুটির পাশাপাশি এই নতুন অধ্যায়ে একঝাঁক নতুন মুখের সমাহার ঘটেছে। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা দত্ত, ইন্দ্রাশিস রায়, অর্িন্দম গঙ্গোপাধ্যায়, বাদশা মৈত্র এবং স্নেহা চট্টোপাধ্যায়ের মতো পরিচিত অভিনেতাদের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। সৌগত বসুর লেখা চিত্রনাট্য এবং জয় সরকার, সৃজিত ও জিমুতের সঙ্গীত পরিচালনায় এই সিরিজটি যে ফের দর্শকদের ড্রইংরুমে ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *