হাইকোর্টের রায়ে বড় ধাক্কা! অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কুণাল ঘোষ পেলেন বিরাট স্বস্তি

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ্রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমকে ঘিরে তৈরি হওয়া আদালত অবমাননার মামলায় বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস জারি করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই রায়ের পর আইনি লড়াইয়ে বড় মোড় এল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন কুণাল? হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ পাওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল। সেই সঙ্গে সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আইনজীবীর মাধ্যমে।”
পাশাপাশি তিনি আরও জানান, আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে তুলে ধরেন। এর পরেই আদালত এই নির্দেশ দেয়। কুণালের মন্তব্য, “যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালত মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি মনে করি। তাই সুপ্রিম কোর্টে গেছিলাম। আইনি লড়াই চলবে।” অন্যদিকে, আইনজীবী শম্ভু নন্দী জানান যে কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলার রায়ে কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, আজ সুপ্রিম কোর্ট সেই রায়েই স্থগিতাদেশ দিয়েছে।
মামলার সম্পূর্ণ পটভূমি এই মামলার নেপথ্যে রয়েছে রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এসএসসি (SSC)-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। ওই মামলায় চাকরিপ্রার্থীদের একাংশের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ্রঞ্জন ভট্টাচার্য। মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন যে, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিতভাবে জানাতে হবে।
এই নির্দেশ আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। অভিযোগ ওঠে, কুণাল ঘোষের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা আইনজীবী ফিরদৌস শামিম ও বিকাশ্রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। আইনজীবীদের সুরক্ষা এবং বিচারব্যবস্থার মর্যাদার কথা মাথায় রেখে হাইকোর্ট নিজেই স্বতঃপ্রণোদিত (Suo Motu) হয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করে। সেই মামলাতেই এর আগে কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করেছিল কলকাতা হাইকোর্ট এবং জরিমানার নির্দেশও দেওয়া হয়েছিল। অবশেষে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুণাল, যেখানে আপাতত অন্তর্বর্তীকালীন স্বস্তি মিলল।