‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুলে চরম বিপাকে ইতালীয় নেতা! ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র?

হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এর মঞ্চে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুলে ভারতীয় ভিসার নিয়মাবলি লঙ্ঘন করেছেন ইতালীয় রাজনীতিবিদ জিয়াকোমো ফিলিবেক—ইন্ডিয়া টুডে টিভিকে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সূত্র। সরকারি আধিকারিকদের মতে, ই-ভিসা পোর্টালের মাধ্যমে ‘কনফারেন্স ভিসা’ নিয়ে ভারতে এসেছিলেন ওই ইতালীয় নেতা, এবং ভিসার শর্ত অনুযায়ী কোনও বিদেশি নাগরিকের ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার বা রাজনৈতিক মন্তব্য করার কোনও অধিকার নেই।

সরকারি সূত্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “যেকোনও ভিসাতেই আসুন না কেন, বিদেশি নাগরিকরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে পারেন না। এমনটা করলে তা সরাসরি ভিসা নিয়ম লঙ্ঘনের শামিল।”

সম্মেলনের মঞ্চে ঠিক কী ঘটেছিল?গত ১৩ ও ১৪ নভেম্বর তেলেঙ্গানার কংগ্রেস সরকারের উদ্যোগে হায়দরাবাদে এই ‘ভারত সামিট’-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’ (পিইএস)-এর সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক বক্তব্য রাখার সময় নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের স্লোগানটি উচ্চারণ করেন।

সম্মেলনের মঞ্চে ফিলিবেক সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আন্দোলনের সমর্থনে সওয়াল করেন। তিনি দাবি করেন, লোকসভার বিরোধী দলনেতা ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মতো গণতন্ত্রের মূল নীতি রক্ষার লড়াই চালাচ্ছেন। বক্তব্যে ফিলিবেক বলেন, “স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে রাহুল গান্ধীর আন্দোলন এবং মাত্র দু’সপ্তাহ আগে দিল্লির রামলীলা ময়দানে তাঁর সঙ্গে হাজার হাজার মানুষের মিছিল আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র এমনি এমনি পাওয়া যায় না, একে রক্ষা করতে হয়। ভোট চোর, গদ্দি ছোড়।”

রাজনৈতিক তরজা ও আইনি পদক্ষেপের দাবিওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি অভিযোগ করেন যে, “ভারতে প্রকৃতপক্ষে আর কোনও গণতন্ত্র অবশিষ্ট নেই।” অন্যদিকে, একজন বিদেশি রাজনীতিবিদের মুখে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে এমন মন্তব্য এবং স্লোগান ঘিরে তীব্র আপত্তি ও সমালোচনায় সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন একজন বিদেশি নেতাকে মন্তব্য করার সুযোগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই দলের নেতারাই। এমনকি তেলেঙ্গানা বিজেপির পক্ষ থেকে এন রামচন্দ্র রাও এবং অন্যান্য নেতারা ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর অধীনে ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে এফআরআরও (FRRO) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন। অপরদিকে, কংগ্রেসের তরফে এই সম্মেলনকে রক্ষা করে জানানো হয়েছে যে, গণতন্ত্র এবং নির্বাচনের স্বচ্ছতা বিশ্বব্যাপী আলোচনার বিষয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে না।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *