৯৭ কোটি ভোটারকে গণতন্ত্রের পাঠ! ‘ভোট চোর’ স্লোগান দেওয়া ইতালীয় নেতাকে তুলোধনা করলেন মেলোনির দলের নেত্রী

হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এর মঞ্চে ইতালীয় রাজনীতিবিদ জিয়াকোমো ফিলিবেকের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কে এবার এক নাটকীয় মোড় এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় মুখর হওয়া ফিলিবেককে কড়া ভাষায় আক্রমণ করে ভারতের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার পাশে খোলাখুলি দাঁড়িয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের শীর্ষ নেত্রী ডেবোরা বার্গামিনি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ‘ফোরজা ইতালিয়া’ (Forza Italia)-র নেত্রী ডেবোরা বার্গামিনি ফিলিবেকের মন্তব্যের তীব্র বিরোধিতা করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “যে দেশ একসঙ্গে ৯৭ কোটি নাগরিককে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের সুযোগ করে দেয়, সেই দেশকে বাইরে থেকে এসে গণতন্ত্রের পাঠ পড়ানো একেবারেই অনুচিত।” পাশাপাশি, ভারতের নিজস্ব শক্তিশালী গণতান্ত্রিক পরিকাঠামো এবং স্বাধীন বিচারব্যবস্থা যে কতটা মজবুত, তাও সওয়াল করেছেন তিনি।

পুরো বিতর্কের সূত্রপাত যেভাবে গত সপ্তাহে তেলেঙ্গানার হায়দরাবাদে ‘ভারত সামিট’ অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেই ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’ (পিইএস)-এর সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক ভারতের ভোটার তালিকায় অনিয়মের গুরুতর অভিযোগ তোলেন এবং একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন।

মঞ্চে দাঁড়িয়ে ফিলিবেক দাবি করেছিলেন, “রাহুল গান্ধী ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মতো গণতন্ত্রের মূল নীতি রক্ষার লড়াই চালাচ্ছেন। মাত্র দু’সপ্তাহ আগে দিল্লির রামলীলা ময়দানে তাঁর সঙ্গে হাজার হাজার মানুষের মিছিল প্রমাণ করে যে গণতন্ত্র এমনি এমনি পাওয়া যায় না, একে রক্ষা করতে হয়। ভোট চোর, গদ্দি ছোড়।” এমনকি ইংরেজিতেও স্লোগানটির তর্জমা করে তিনি বলেন, “ভোট চোর, আসন ছাড়ো।” ভারতে গণতন্ত্র বর্তমানে আক্রান্ত এবং তা বাঁচাতে রাহুল গান্ধী ও কংগ্রেসের পাশে আন্তর্জাতিক স্তরে দাঁড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের বিরুদ্ধে চড়েছে প্রতিবাদের সুর ফিলিবেকের এই বিতর্কিত বক্তব্য এবং সেই সময় মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাসিমুখে হাততালি দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র রাজনৈতিক ক্ষোভের সৃষ্টি হয়। বিজেপি এবং ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কটাক্ষ করে লেখেন, কোনও বিদেশি এসে যখন প্রকাশ্য মঞ্চে ভারতকে অপমান করেন, তখন দেশেরই কোনো নেতাকে এভাবে হাসতে দেখেছেন কি? পাশাপাশি, বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন এবং তেলেঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দ্র রাও অভিযোগ করেন যে, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিয়ে আসলে ভারতের গণতন্ত্রকেই উপহাস করছে কংগ্রেস। পিছিয়ে থাকেননি বিআরএস নেতারাও; কার্তিক ইন্দ্র রেড্ডি পাটোল্লাও বিদেশি নেতাকে এভাবে উৎসাহিত করার জন্য রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন।

অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের মাঝেই ইতালির প্রধানমন্ত্রী মেলোনির দলের নেত্রীর এই মন্তব্য আন্তর্জাতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *