বিগ বস থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে সোনামণি? ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মোহর?

আড়াই মাস অর্থাৎ প্রায় ৭৭ দিন পর বিগ বসের ঘর ছেড়ে কলকাতার মাটিতে পা রাখলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। তবে দীর্ঘ দিন বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর দেশে ফিরতেই সোনামণিকে মুখোমুখি হতে হয়েছে সবথেকে বড় এবং চর্চিত প্রশ্নটির—তাঁর বিয়ে কবে? টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, ডিসেম্বরেই নাকি অভিনেতা প্রতীক সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

বিয়ে নিয়ে কী বললেন সোনামণি? রবিবার রাতে চেনা হাসিমুখেই বিমানবন্দর থেকে বের হন সোনামণি। সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে প্রশ্ন করা হয়, প্রতীকের সঙ্গে তাঁর কি কথা হয়েছে? জবাবে টেলি নায়িকা জানান, এখনও কথা হয়নি, তবে তিনি কথা বলবেন। এরপরই ডিসেম্বরে তাঁর বিয়ে নিয়ে জল্পনা প্রসঙ্গে সোনামণি একগাল হেসে বলেন, ‘সবাই এমন চারদিকে বলছে কবে বিয়ে, তাই আমি বলেছিলাম উইনারটা হই, ডিসেম্বরটা আসুক, তারপর বিয়ে। আমি জাস্ট এমনিই বলেছিলাম, সিরিয়াস কিছু নয়।’ অর্থাৎ, বিয়ের গুঞ্জন নিয়ে এখনই সরাসরি কিছু স্পষ্ট করতে চাননি তিনি। তবে রবিবার রাতে সোনামণিকে রিসিভ করতে খোদ প্রতীকের মায়ের বিমানবন্দরে উপস্থিত হওয়া সবার নজর কেড়েছে।

কেমন কাটল বিগ বসের ১১ সপ্তাহ? প্রথম দিন থেকেই বিগ বসের ঘরের অংশ ছিলেন সোনামণি। শুরুর দিকে কিছুটা চুপচাপ ও শান্ত স্বভাবের হওয়ায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন ঘরের সকলের প্রিয় ‘সোনা’। শো চলাকালীন রাজবীরের সঙ্গে কিছু বিষয়ে মনোমালিন্য হলেও পরবর্তীতে তাঁদের সম্পর্ক বেশ মিষ্টি হয়ে ওঠে। সোনামণির হাতের রান্না পছন্দ করতেন বাড়ির প্রায় সব সদস্যই। সৃজলার সঙ্গে প্রথমে ভালো বন্ধুত্ব তৈরি হলেও পরে সেই সম্পর্কে কিছুটা ফাটল ধরে। সবমিলিয়ে নিজের মতো করেই দারুণ খেলেছেন সোনামণি। শেষ পর্যন্ত তনুশ্রী ও রাজবীরের কাছে হেরে গেলেও মুখে সেই চেনা মিষ্টি হাসি নিয়েই বিগ বস থেকে বিদায় নেন তিনি।

ব্যক্তিগত জীবন ও কেরিয়ার: ‘মোহর’ ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছিলেন প্রতীক ও সোনামণি। সেই থেকেই তাঁদের অফস্ক্রিন কেমেস্ট্রি নিয়ে চর্চা শুরু হয় টলিপাড়ায়। পরবর্তীতে ‘এক্কা দোক্কা’ মেগা থেকেও দর্শকের ভালোবাসা কুড়ায় এই জুটি। বিগ বসের ঘরে থাকাকালীনই তাঁদের ডিসেম্বরের বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল। উল্লেখ্য, ‘দেবী চৌধুরাণী’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রাখা সোনামণি মাত্র ১৮ বছর বয়সে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যদিও পাঁচ বছরের মধ্যেই সেই পথ আলাদা হয়ে যায়। এবার দ্বিতীয় অধ্যায়ে তাঁর জীবনে কী নতুন মোড় আসে, সেদিকেই নজর রয়েছে অনুরাগীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *