কালীবিসর্জনের শোভাযাত্রা থেকে বারাসাতে প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে হামলা! ব্যাপক ভাঙচুরে চাঞ্চল্য

কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হল বারাসাতে। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন বারাসাত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান তথা তৃণমূল নেতা তাপস দাশগুপ্তর বাড়িতে অতর্কিত হামলা চালায় একদল যুবক। লাঠি ও পাথর নিয়ে এই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। এমনকি বাড়ির প্রধান ফটক ভাঙচুর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

ঘটনাটি ঘটেছে বারাসাতের শ্রীকৃষ্ণপুর শিমূলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা যখন ওই নেতার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময়ই আচমকা এই আক্রমণ নেমে আসে।

আক্রান্ত তৃণমূল নেতা তাপস দাশগুপ্তের অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মোট দু’দফায় তাঁর বাড়িতে চড়াও হয় হামলাকারীরা। লাঠিসোঁটা ও পাথর নিয়ে তাণ্ডব চালানোর ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরই নিরাপত্তার দাবিতে এবং দোষীদের শাস্তির আশায় বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন উপ-পুরপ্রধান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং শোভাযাত্রার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বারাসাতের মতো জনবহুল এলাকায় প্রকাশ্য রাস্তায় একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *