মেয়াদ ফুরোলেই কি ওষুধ বিষ হয়ে যায়? এক্সপায়ারি ডেটের আসল সত্যিটা জানেন কি?

খাবারের প্যাকেট হোক বা ওষুধের কৌটো, চোখ যায় সেই ছোট্ট তারিখটির দিকে, যাকে আমরা বলি এক্সপায়ারি ডেট। মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে সেই খাবার যেমন আর মুখে তোলা যায় না, তেমনই ওষুধের বেলায় মানুষ সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করেন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার ঠিক পরের দিনই কি ওষুধ রাতারাতি বিষে পরিণত হয়?
ওষুধের প্যাকেটে যে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে, তার আসল অর্থ কিন্তু এই নয় যে ঠিক তার পরের দিন থেকেই সেটি বিষাক্ত হয়ে যাবে। ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো মূলত ওই নির্দিষ্ট তারিখ পর্যন্ত ওষুধের পূর্ণ কার্যকারিতা এবং নিরাপত্তার গ্যারান্টি দেয়। পরীক্ষাগারে যাচাই করে দেখা যায় যে নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধের রাসায়নিক গঠন একদম ঠিক থাকে। তারিখ পার হওয়ার পর ওষুধ হুট করে নষ্ট হয় না, বরং তার কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে।
তাহলে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে আদতে কী হয়? প্যারাসিটামল বা সাধারণ কিছু অ্যান্টিবায়োটিকের মতো সাধারণ ওষুধ মেয়াদ পেরিয়ে যাওয়ার কিছুদিন বা এমনকি কিছু মাস পরেও খেলে সাধারণত বড় কোনো মারাত্মক ক্ষতি হয় না। তবে এর ফলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, ওষুধের কার্যক্ষমতা কমে যায়। যে উদ্দেশ্যে সেটি খাওয়া হচ্ছিল, হয়তো তা আর পুরোপুরি কাজ করে না কিংবা রোগ সারতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নেয়। দ্বিতীয়ত, সময়ের সঙ্গে পুরনো ওষুধ ভেঙে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। ফলে তা ক্ষতিকর উপাদানে রূপান্তরিত হতে পারে। বিশেষ করে তরল সিরাপ, চোখের ড্রপ বা ইনজেকশনের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেশি থাকে। এছাড়া চোখের ড্রপ বা ইনসুলিনের মতো ওষুধে মেয়াদ পার হয়ে গেলে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে, যা মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে।
কোন ওষুধগুলি একেবারেই খাওয়া উচিত নয়? কিছু ওষুধ রয়েছে যেগুলোর ক্ষেত্রে মেয়াদ পার হওয়ার পর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যেমন কাশির সিরাপ, চোখের ড্রপ বা অ্যান্টিবায়োটিক সাসপেনশনের মতো লিকুইড মেডিসিন। পাশাপাশি হার্টের ওষুধ, ইনসুলিন, খিঁচুনির ওষুধ বা এপিপেনের মতো জীবন রক্ষাকারী ওষুধগুলোর কার্যক্ষমতা সামান্য কমে গেলেও রোগীর জীবন মারাত্মক সংশয়ে পড়তে পারে।
সামান্য মেয়াদ পার হওয়া ওষুধ আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও কোনো ধরনের ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ ব্যবহার না করাই শরীরের পক্ষে সবচেয়ে নিরাপদ।