মাছের ব্যবসার আড়ালে কোটি টাকার ফেনসিডিল পাচার! হাসনাবাদে যৌথ অভিযানে উদ্ধার নিষিদ্ধ সিরাপ

উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক পাচারের পর্দাফাঁস করল পুলিশ ও বিএসএফ। মাছের পেটির ভেতর মাছের পাশাপাশি লুকিয়ে পাচার করা হচ্ছিল কোটি টাকারও বেশি মূল্যের ফেনসিডিল। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট জেলা পুলিশের বিশেষ দল ও বিএসএফের যৌথ অভিযানে এই নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বকুলতলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোমিন মোল্লার মাছের ভেড়ি রয়েছে এবং তিনি মাছের পিন সাপ্লাইয়ের ব্যবসা করেন। অভিযোগ, সেই ব্যবসার আড়ালেই মূলত মাদক পাচার চলত। মাছ পাঠানোর জন্য ব্যবহৃত থার্মোকলের পেটির ভেতরেই অভিনব কায়দায় এই নিষিদ্ধ তরল মাদক লুকিয়ে রাখা হতো।
গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ এই পাচারের খবর পায়। এরপর বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং হাসনাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বকুলতলা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। সেখানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের ফেনসিডিল উদ্ধার করে যৌথ বাহিনী। থার্মোকলের পেটিগুলো এমনভাবে প্যাকিং করা ছিল যে, উপর থেকে দেখলে সামান্যতম সন্দেহ করার উপায় ছিল না। সাধারণ মাছের বক্স বলেই মনে হতো সেগুলোকে।
শুধু একটি গোডাউনই নয়, এর পাশাপাশি ওই এলাকার আরও কয়েকটি বাড়িতেও তল্লাশি চালায় বাহিনী। একটানা প্রায় ১০ ঘণ্টা ধরে এই তল্লাশি অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই নিষিদ্ধ তরল মাদক বসিরহাটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। গোটা ঘটনার নেপথ্যে আর কারা জড়িত এবং এই চক্রের মূল মাথা কোথায় লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।