‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো’! বিধায়কের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়, কী বললেন অর্জুন-দিলীপ?

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মৃত কর্মীর বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বিধায়ককে বলতে শোনা যায়, ‘বিজেপি ক্ষমতায় না এলে হয়তো ভালোই হত’। দলের বিধায়কের এই বিস্ফোরক মন্তব্যের এবার কড়া সমালোচনা করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও।

কী বলছেন অর্জুন সিং ও দিলীপ ঘোষ?

পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের মতে, আবেগের বশে অপরিণত মন্তব্য করে ফেলেছেন বিধায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।”

প্রায় একই সুর শোনা গিয়েছে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলাতেও। প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে মুখ না খুলে দলীয় ফোরামে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “কোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না। সমস্যা তৈরি হয়। সমাধান পার্টির তরফ থেকে করা উচিত। খোঁজ নেওয়া উচিৎ। দেখা উচিৎ যে কোথায় সমস্যা রয়েছে।”

পানিহাটির ঘটনার নেপথ্যে কী?

গত শনিবার পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। অভিযোগ, সেই প্রতিবাদ করার পরই দলেরই কয়েকজন কর্মী বিজেপি নেত্রী রুমা সাহাকে প্রকাশ্যে গালিগালাজ করেন। স্ত্রীর প্রতি এই চরম অপমানের প্রতিবাদ করতে এগিয়ে আসেন তাঁর স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা। অভিযোগ, বচসা চলাকালীন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অরূপ। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঠিক কী বলেছিলেন বিধায়ক রত্না দেবনাথ?

রবিবার মৃত কর্মী অরূপ সাহার বাড়িতে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। মৃত কর্মীর সন্তানদের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বিধায়ক বলেন, “বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো। তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতে হত না অরূপকে।” বিধায়কের এই মন্তব্য ঘিরেই এখন চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *