আমেরিকা যাওয়ার পথে বিরাট স্বস্তি! দিল্লি ও মুম্বই থেকে সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ঘোষণা এয়ার ইন্ডিয়ার

দিল্লি বা মুম্বই থেকে যাঁরা আমেরিকা যাতায়াত করেন, তাঁদের জন্য এল এক বিরাট স্বস্তির খবর। আকাশপথে চলাচলের কড়াকড়ি কিছুটা শিথিল হতেই অবশেষে দিল্লি এবং মুম্বই থেকে সরাসরি নিউ ইয়র্ক ও নেওয়ার্কের মধ্যে নন-স্টপ বা বিরতিহীন বিমান পরিষেবা ফের চালু করার ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এর ফলে এই দুটি রুটে যাত্রীদের যাতায়াতের সময় এক ধাক্কায় প্রায় পাঁচ ঘণ্টা করে কমে গেল।

কী বলছে এয়ার ইন্ডিয়া? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শুরু থেকেই ইরাকের আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের স্টপওভার বা বিরতি ছাড়াই এই বিমানগুলি চলাচল শুরু করেছে। এতদিন এই রুটে যাতায়াত করতে যেখানে প্রায় বাইশ ঘণ্টা সময় লাগত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র সতেরো ঘণ্টায়। স্বাভাবিকভাবেই দীর্ঘপথের ক্লান্তি থেকে অনেকটা রেহাই পাবেন যাত্রীরা।

এই মুহূর্তে দিল্লি থেকে এ৩৫০-৯০০ মডেলের বিমানে নিউ ইয়র্কে প্রতিদিন একটি এবং নেওয়ার্কে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। অন্যদিকে মুম্বই থেকে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রতিদিন এবং নেওয়ার্কের জন্য সপ্তাহে তিনটি ফ্লাইট চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। সব মিলিয়ে আমেরিকার এই চারটি রুটেই এখন সম্পূর্ণ বিরতিহীন বা নন-স্টপ পরিষেবা চালু হয়ে গেল।

কেন এতদিন ঘুরপথে চলছিল বিমান? চলতি বছর এভিয়েশন সেক্টরের জন্য বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুটে একাধিক নিষেধাজ্ঞা জারি করতে হয়েছিল। যার জেরে ভারত ও উত্তর আমেরিকার বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বাধ্য হয়ে দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্ক এবং নেওয়ার্কগামী বিমানগুলিকে রোমে বিরতি নিতে হচ্ছিল। পাশাপাশি জর্ডন ও মিশরের ওপর দিয়ে ঘুরপথে যাওয়ার ফলে শুধু যাত্রার সময়ই বাড়েনি, সঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি খরচও বৃদ্ধি পেয়েছিল।

এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা আগেই জানিয়েছিলেন যে ঘুরপথে বিমান পরিচালনার কারণে সংস্থার জ্বালানি খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছিল। এবার ইরাকের আকাশসীমা ব্যবহার করার অনুমতি মেলায় এবং রুট স্বাভাবিক হওয়ায় একদিকে যেমন যাত্রীদের মূল্যবান সময় বাঁচছে, তেমনই বিমান সংস্থার অপারেশনাল খরচও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *