“কাউকে বৌদি বা ভাবি বলে ডাক নয়”-BJP নেতার বিতর্কিত মন্তব্যে উত্তাল রাজীনীতি

সম্প্রতি একটি প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক বিষ্ণু সিকদার দাবি করেন, সমাজ থেকে ‘বৌদি বা ভাবি কালচার’ চিরতরে খতম করা উচিত। তাঁর মতে, এই ধরনের সম্পর্কের আড়ালে সমাজে অনেক নোংরামি ছড়ায়।
বক্তব্যে স্পষ্ট করে তিনি জানান, একমাত্র নিজের আপন দেওর, মামাতো কিংবা পিসতুতো দেওর ছাড়া অন্য কেউ কাউকে ‘বৌদি’ বলতে পারবেন না। বয়সে বড় হলে ‘দাদার মতো’ বা ‘দিদি’ এবং ছোট হলে ‘বোন’ বলে সম্বোধন করার পক্ষে সওয়াল করেন তিনি। সাধারণ কথোপকথনে ‘ভাবি একটু সরে বসুন’ বা ‘বৌদি একটু সরে বসুন’ বলার প্রবণতা বন্ধ করে ‘দিদি’ বা ‘বোন’ বলার অভ্যাস করার আহ্বান জানান ওই বিজেপি নেতা।
রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা
বিষ্ণু সিকদারের এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রবীণ কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এর তীব্র সমালোচনা করে বলেন, “এগুলো সব হিন্দু-মুসলমানের গল্প। হিন্দুরা বৌদি বলেন, মুসলমানেরা ভাবি বলেন। এগুলো সংকীর্ণতা ছাড়া কিছু নয়। এরা কী বলছে না-বলছে, তাতে আমাদের সমাজ বদলে যাবে না। আমাদের সমাজে আমরা ভাবি-বৌদি, সবই বলি।”
অন্যদিকে, এই বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের সম্পূর্ণ দূরত্ব তৈরি করেছে রাজ্য বিজেপি নেতৃত্বও। বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মণ্ডল সাফ জানিয়ে দিয়েছেন, বিষ্ণু সিকদারের এই বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
সৌমেনবাবু আরও বলেন, “আমরা মহিলাদের সম্মান করি। কিন্তু কোনো সম্পর্ক আমরা জোর করে ঠিক করে দিতে পারি না। আমাদের সামাজিক সংস্কৃতির নিজস্ব একটি কাঠামো রয়েছে। সেই কাঠামোতে মা, দিদি, বোনের পাশাপাশি ‘বৌদি’ ডাকও অত্যন্ত স্বাভাবিকভাবে রয়েছে। তাই ওঁর ওই মন্তব্যের সঙ্গে আমি বা দল সহমত পোষণ করছি না।” সবমিলিয়ে, বিষ্ণু সিকদারের এই মন্তব্য ঘিরে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।