মাছ-মাংসের পাতুরি তো অনেক খেলেন, কখনো মোচার পাতুরি খেয়েছেন কি? রইল সহজ ও জাদুকরি রেসিপি

আমিষের দিনে রকমারি রান্নার হরেক পসরা সাজানো থাকলেও, নিরামিষের দিনগুলোতে ঠিক কী রান্না করা হবে—তা নিয়ে গৃহিণীদের চিন্তার অন্ত থাকে না। একই রকম নিরামিষ তরকারি বা মোচার ঘণ্ট খেয়ে পরিবারের সকলের মুখের রুচিও অনেক সময় বদলে যায়। আর তাই ঝক্কিহীন অথচ একটু অন্যস্বাদের নিরামিষ রান্নার খোঁজেই থাকেন সকলে। আর সেই স্বাদ বদলের জন্যই আজ রইল এক্কেবারে অভিনব ও লোভনীয় পদ ‘মোচার পাতুরি’-র সহজ রেসিপি।
মোচার পাতুরির উপকরণ: এই সুস্বাদু পদটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরের সাধারণ কয়েকটি জিনিস দিয়েই এটি তৈরি করে ফেলা যায়। যেমন—
-
মোচা
-
ছোলার ডাল
-
নারকেল কোরা
-
লঙ্কার গুঁড়ো
-
কাঁচালঙ্কা
-
সর্ষেবাটা
-
পরিমাণমতো নুন ও মিষ্টি
তৈরির সহজ প্রণালী: প্রথমে মোচা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপর সামান্য নুন ও হলুদ দিয়ে মোচাটি ভালো করে ভাপিয়ে জল ঝরিয়ে রাখুন। অন্যদিকে ছোলার ডাল বেটে একটি পাত্রে তুলে নিন।
এবার একটি বড় পাত্রে ভাপানো মোচা, ছোলার ডাল বাটা, কোড়ানো নারকেল, স্বাদমতো নুন, সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো এবং চেরা কাঁচালঙ্কা একসঙ্গে নিয়ে ভালো করে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিন।
এর পর কলাপাতা টুকরো করে কেটে তার মধ্যে সামান্য তেল বুলিয়ে নিন। এবার অল্প করে মোচার মিশ্রণ কলার পাতায় রেখে মাছের পাতুরির মতো করে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে মোচার পাতুরিগুলি দিয়ে উল্টেপাল্টে প্রায় ১৫ মিনিট ধরে মৃদু আঁচে রান্না করলেই একেবারে প্রস্তুত জিভে জল আনা ‘মোচার পাতুরি’। গরম ভাতের সঙ্গে এই পদ পরিবেশন করলে পরিবারের সবাই প্রশংসা করতে বাধ্য!