পুরুষ সহকর্মীর কাঁধে ঠোঁট ঘষছেন BJP বিধায়ক, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন স্ত্রী

বন্যাবিধ্বস্ত ওড়িশার গঞ্জাম জেলার পরিস্থিতি ও ত্রাণকার্য নিয়ে সাংবাদিক বৈঠক করছেন রাজ্যের মন্ত্রী। আর তাঁর ঠিক পিছনে দাঁড়িয়েই এক ব্যক্তির কাঁধে ঠোঁট ঘষছেন ও কান কামড়ানোর চেষ্টা করছেন শাসকদলেরই এক বিধায়ক! সোশ্যাল মিডিয়ায় এমনই এক অস্বস্তিকর ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। ভিডিওটির সত্যতা যাচাই না হলেও, এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। আর এই বিতর্কের মাঝেই এবার স্বামীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ওই বিজেপি বিধায়কের স্ত্রী।
ভাইরাল ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছে? বিতর্কের কেন্দ্রে থাকা ওই বিজেপি বিধায়কের নাম মনোরঞ্জন ধ্যান সামন্ত্র। তিনি ওড়িশার চিকিটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, যিনি ২০২৪ সালে প্রথমবার নির্বাচিত হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী গোকুলানন্দ মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্যার পরিস্থিতি ব্যাখ্যা করছেন। ঠিক সেই সময় মন্ত্রীর পিছনে দাঁড়িয়ে ছিলেন মনোরঞ্জন। অভিযোগ, পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাঁধে প্রথমে তিনি ঠোঁট ঘষেন এবং তারপর তাঁর কান কামড়ানোর মতো অঙ্গভঙ্গি করেন।
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই আসরে নেমে পড়েছে ওড়িশার বিরোধী দল বিজেডি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করে তারা লিখেছে, “গঞ্জাম যখন ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে, তখন বিজেপি নেতারা নিজেদের মতো করে আনন্দে মেতে রয়েছেন।”
বিরোধীদের অভিযোগ উড়িয়ে কী বললেন বিধায়কের স্ত্রী? স্বামীকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠতেই প্রতিবাদে সরব হয়েছেন বিধায়ক মনোরঞ্জন ধ্যান সামন্ত্রর স্ত্রী মীনা সাহু। তাঁর দাবি, ভাইরাল হওয়া ওই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে ওই একই সাংবাদিক বৈঠকের অন্য একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
মীনা সাহুর বক্তব্য অনুযায়ী, আসল ফুটেজে বিধায়ককে অত্যন্ত মনোযোগ দিয়ে মন্ত্রীর বক্তব্য শুনতে দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, চিকিটির বিজেডি সোশ্যাল মিডিয়া টিম পরিকল্পিতভাবে এআই-এর মাধ্যমে বিকৃত ভিডিও তৈরি করে বিধায়কের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে বেরহামপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন মীনা সাহু। অন্যদিকে, এই বিতর্ক প্রসঙ্গে বিধায়ক মনোরঞ্জন ধ্যান সামন্ত্র কিংবা রাজ্য বিজেপির কোনো মুখপাত্রের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।