“শান্তিনিকেতনে ভয়াবহ কাণ্ড!”-অভিযুক্তকে ধরতে গিয়ে সরাসরি গুলির মুখে পুলিশ, জখম কনস্টেবল

ফের উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন। শুক্রবার এক অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী। আহত কনস্টেবলের নাম বিশ্বজিৎ দাস। তিনি শান্তিনিকেতন থানায় কর্মরত। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে ওই অভিযুক্ত। তার খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযুক্তের ডেরায় হানা দিয়েছিল শান্তিনিকেতন থানার পুলিশের একটি দল। অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে পুলিশকর্মীরা তার নাম ধরে ডাকেন। অভিযোগ, ডাক শোনামাত্রই বাড়ি থেকে বেরিয়ে এসে কোনো কিছু বোঝার আগেই পুলিশকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ওই দুষ্কৃতী। সেই গুলি গিয়ে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই সুযোগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।

তড়িঘড়ি জখম পুলিশকর্মীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এদিকে, ভরদুপুরে পুলিশকর্মীর ওপর এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, মাত্র মাস দেড়েক আগেই বোলপুর শহরে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছিল এক বিজেপি নেতাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শান্তিনিকেতনে গুলি চলার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *