আজই নাকি ধ্বংস হয়ে যাওয়ার কথা পৃথিবী! ৬০ বছর আগের এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল নেটপাড়ায়

আজ, ১৩ নভেম্বর ২০২৬। ঠিক আজকের দিনটিতেই নাকি পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল! আজকের এই দিনটিকে বহু বছর আগেই ‘ডুমসডে’ বা প্রলয়ের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আজ থেকে প্রায় ৬০ বছর আগে একটি প্রথমসারির বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। স্বাভাবিকভাবেই, নির্ধারিত সেই দিনটি সামনে আসতেই মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে—সত্যিই কি তবে আজ পৃথিবী ধ্বংসের মুখে? আসুন, জেনে নেওয়া যাক এই তত্ত্বের আসল ইতিহাস।
কী ছিল সেই ষাট দশকের গবেষণা? ব্রিটেনের প্রথমসারির সংবাদমাধ্যম ‘মেট্রো’-র একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৬০ সালের ৪ নভেম্বর বিখ্যাত ‘জার্নাল সায়েন্স’ নামক একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। পদার্থবিজ্ঞানী হেইনজ় ভন ফরেস্টার, প্র্যাট্রিশিয়া এম মোরা ও লরেন্স ডব্লু আমিওট যৌথভাবে ওই পেপারটি লিখেছিলেন। সেই গবেষণাপত্রের শিরোনাম ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ— “ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩, এ.ডি ২০২৬“।
ওই গবেষণায় গবেষকরা মূলত খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের জনসংখ্যার বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছিলেন। আর সেই তথ্যের ওপর ভিত্তি করেই পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একটি অত্যন্ত চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। গবেষকদের সেই সময়ের হিসাব অনুযায়ী, জনসংখ্যা যে অবিশ্বাস্য গতিতে বাড়ছিল, সেই একই প্রবণতা যদি বজায় থাকত, তবে ২০২০ সালের মধ্যেই পৃথিবীর জনসংখ্যা ২৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেত! আর ২০২৬ সালে এসে সেই জনসংখ্যা পৌঁছে যেত একেবারে ‘অসীম’-এর কাছাকাছি। গবেষণায় তাঁদের মূল নজরে এসেছিল যে, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল ক্রমশ কমে আসছে।
এই নির্দিষ্ট প্রবণতার ওপর ভিত্তি করেই গবেষকরা একটি বিশেষ গাণিতিক সূত্র তৈরি করেছিলেন। সেই সূত্র অনুযায়ী, জনসংখ্যা বাড়তে বাড়তে একসময় এমন এক জটিল পর্যায়ে পৌঁছাবে, যেখানে আর কোনো অর্থপূর্ণ ফল বা সামঞ্জস্য থাকবে না। পরিস্থিতি বোঝাতে গবেষকরা লিখেছিলেন, তাঁদের ভবিষ্যৎ প্রজন্ম খাদ্যাভাবে নয়, বরং অতিরিক্ত জনসংখ্যার লাগাতার চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করবে।
আজ ১৩ নভেম্বর কেন এত চর্চা? আজকের দিনটিতে এই পুরনো ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পেছনে একটি মজার কাকতালীয় ব্যাপার রয়েছে। গবেষক হেইনজ় ভন ফরেস্টারের জন্মতিথি ছিল এই ১৩ নভেম্বর। তাঁর ১১৫তম জন্মবার্ষিকীতেই সামাজিক মাধ্যমে ও সচেতন মহলে পুরনো সেই গবেষণার প্রসঙ্গটি নতুন করে সামনে চলে এসেছে।
তবে মনে রাখা দরকার, ওই গবেষণায় পৃথিবী ধ্বংসের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা দুর্ঘটনার কথা বলা হয়নি। সেখানে কোনো প্রলয়ঙ্কর গ্রহাণুর আছড়ে পড়া, পারমাণবিক যুদ্ধ কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ ছিল না। মূলত এটি ছিল একটি গাণিতিক মডেল, যা ধরে নিয়েছিল যে ১৯৬০ সালের জনসংখ্যা বৃদ্ধির সেই অতিরিক্ত গতি ভবিষ্যতে চিরকাল একইরকমভাবে বজায় থাকবে।
বাস্তবে কি মিলল সেই ভবিষ্যদ্বাণী? বিজ্ঞান ও পরিসংখ্যান বলছে, বাস্তবে ৬০ বছর আগের সেই হিসাব বা আশঙ্কা একবিন্দুও সত্যি প্রমাণিত হয়নি। গবেষকদের তৈরি করা ওই মডেলটি প্রায় ৩০ বছর পর্যন্ত বাস্তব জনসংখ্যা বৃদ্ধির গতির সঙ্গে মোটামুটি মিল খেয়েছিল। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে পৃথিবীর প্রকৃত জনসংখ্যা ওই তাত্ত্বিক পূর্বাভাসের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়তে শুরু করে।
এর প্রধান কারণ হলো, বিশ্বজুড়ে সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধির হার ও জন্মহার ক্রমাগত হ্রাস পেয়েছে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। অর্থাৎ, আজকের দিনে দাঁড়িয়ে জনসংখ্যা ‘অসীম’ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এমনকি আজকের বছরের জন্য পুরনো সেই গাণিতিক সূত্র অনুযায়ী প্রায় ১৩,১০০ কোটি মানুষ পৃথিবীতে থাকার কথা ছিল, যা বর্তমানের বাস্তব জনসংখ্যার তুলনার বহু গুণ বেশি।
বিশেষজ্ঞদের মতে, ৬০ বছর আগের এই গবেষণাটিকে আক্ষরিক অর্থে পৃথিবী ধ্বংসের কোনো নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী হিসেবে দেখা একেবারেই ভুল। এর মূল অন্তর্নিহিত বার্তা ছিল—১৯৬০ সালের মতো অস্বাভাবিক দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি চিরকাল চলতে পারে না। তাই ১৩ নভেম্বর পৃথিবী শেষ হয়ে যাবে বা জনসংখ্যা অসীম হয়ে যাবে—এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি নেহাতই একটি পুরনো গাণিতিক মডেলের তাত্ত্বিক সতর্কবার্তা মাত্র, কোনো বাস্তবসম্মত প্রলয়ের পূর্বাভাস নয়।