“টাকা ফেরত না দিলে সিআইডি তদন্ত!”-আবাস যোজনা নিয়ে বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর

আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিল রাজ্য প্রশাসন। শুক্রবার নবান্ন থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, প্রকল্পের নিয়মরীতি লঙ্ঘন করে টাকা নেওয়া প্রায় ১২ হাজার অযোগ্য প্রাপককে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই অর্থ ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কাদের টাকা ফেরত দিতে হবে? নবান্নের বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, সরকারি যাচাই বা ভেরিফিকেশনের পর প্রায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের সন্ধান মিলেছে। এই বিশাল অঙ্কের অর্থ কী ভাবে তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “মুখ্যসচিব জানালেন ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে ভেরিফিকেশনে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের অ্যাকাউন্টে কী ভাবে ৬০ হাজার টাকা চলে গেল, তা দেখতে হবে। এই ৫৭ হাজারের ক্ষেত্রে কড়া আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আধিকারিক স্তরে ত্রুটি থাকলে অ্যাকশন নেওয়া হবে। আর ফেক অ্যাকাউন্ট হোল্ডারদের নামে প্রয়োজনে SIT গঠন করে আমরা CID-কে দিয়ে তদন্ত করতে চাই। কারণ সরকারের সর্বস্তরে দুর্নীতি এবং লিকেজ বন্ধ করতে চাই।”
যোগ্য নন অথচ নিয়মবহির্ভূতভাবে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়া ১২ হাজার অযোগ্য প্রাপকের বিষয়ে তিনি জানান, ইতিমধ্যেই তাদের মধ্যে প্রায় এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকি প্রায় ১১ হাজার প্রাপককে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফিরিয়ে দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট বার্তা, “এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। টাকা ফেরত দিতেই হবে কারণ আপনারা যোগ্য প্রাপক নন।”
আবাস যোজনা ও দ্বিতীয় কিস্তির বিতরণ উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম পরিবর্তিত হয়ে হয় ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’। বর্তমান সরকারের আমলে গত অগাস্ট মাসে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তার হাতে মোট ৬,২০০ কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল। এদিন আরও এক ধাপ এগিয়ে রাজ্যের ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৪,২০১ কোটি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে।
ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রকৃত উপভোক্তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। তবে দুর্নীতি বা গরমিল বরদাস্ত না করে স্বচ্ছতা বজায় রাখতেই প্রশাসন এবার জিরো টলারেন্স নীতি নিয়েছে, যা এই কড়া নির্দেশেই স্পষ্ট।