“Nvidia-র জেনসেন হুয়াংয়ের কত অ্যাফেয়ার?”-ঘনিষ্ঠ মুহূর্তর ভিডিও রেকর্ড করেন হোটেল কর্মী!

এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াংকে ঘিরে চলা বিতর্ক যেন কিছুতেই থামছে না। চিনা ব্যবসায়ী মহিলাকে নিয়ে বিতর্কিত অধ্যায়ের মাঝেই এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। গত মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে এনভিডিয়া-র বার্ষিক ডেভেলপার সম্মেলন চলাকালীন সংস্থার সিইও জেনসেন হুয়াং এবং সংস্থার এক শীর্ষকর্তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সেই মুহূর্তের ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করার পর হোটেলে উপস্থিত এক ব্যক্তিকে গোপনীয়তা চুক্তি বা নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে (NDA) সই করতে বাধ্য করা হয়েছিল বলে ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
হোটেলে কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছিল ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে। সেখানে এনভিডিয়া-র বার্ষিক GTC সম্মেলন চলাকালীন নিকটবর্তী একটি হোটেলে জেনসেন হুয়াং এবং সংস্থার অন্যান্য শীর্ষকর্তারা বৈঠক করছিলেন। সেই সময় হুয়াং এবং সংস্থার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলকে ঘনিষ্ঠ আচরণ করতে দেখা যায় বলে সংবাদপত্রটির প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হোটেলে উপস্থিত এক ব্যক্তি নিজের মোবাইল ফোনে তাঁদের সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন। বিষয়টি নজরে আসতেই হুয়াংয়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে একপাশে নিয়ে যান এবং একটি NDA-তে সই করতে বাধ্য করেন। ওই ব্যক্তি যা দেখেছেন, তা যেন অন্য কারও কাছে প্রকাশ না করেন, সেই শর্তই দেওয়া হয়েছিল।
কে এই কিম্বার্লি পাওয়েল?
৪৮ বছর বয়সি কিম্বার্লি পাওয়েল ২০০৮ সাল থেকে এনভিডিয়া-র সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সংস্থার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে আসীন। মার্চ মাসের সম্মেলনে স্বাস্থ্য পরিষেবা এবং জীববিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বক্তব্য রেখেছিলেন তিনি। এনভিডিয়া-তে তাঁর ১৮ বছরেরও বেশি দীর্ঘ পেশাগত জীবনে মেডিক্যাল ইমেজিং থেকে শুরু করে লাইফ সায়েন্স এবং ওষুধ আবিষ্কারের প্রযুক্তি ব্যবসার দায়িত্ব সামলেছেন তিনি। তবে এই গোটা বিষয়টি নিয়ে জেনসেন হুয়াং, কিম্বার্লি পাওয়েল বা এনভিডিয়া কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চিন সংযোগ ও হুয়াংয়ের স্বীকারোক্তি
এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন চিনা ব্যবসায়ী মহিলা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর থেকেই প্রবল চাপের মুখে রয়েছেন জেনসেন হুয়াং। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, অ্যালিস হুয়াং চিনের গুপ্তচর হতে পারেন। গত ৮ নভেম্বর সংস্থার কর্মীদের একটি ইমেল পাঠিয়ে নিজের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন জেনসেন হুয়াং।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ধারাবাহিক বিতর্কের জেরে এনভিডিয়া-র বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গিয়েছে। এমনকি, সংস্থার পরিচালন পর্ষদ জেনসেন হুয়াংকে সিইও পদ থেকে সরিয়ে নতুন সিইও নিয়োগের পরিকল্পনা করছে বলেও গুঞ্জন শুরু হয়েছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্যে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়া এবং তার সিইও-কে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।