তৃণমূলের প্রতীক-যুদ্ধের দস্তাবেজ কি তবে সলিলসমাধি? বাড়ি ভাঙচুরের পরই সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক!

কালীঘাট রোডের বাড়ি ও কার্যালয়ের সামনে পরপর বুলডোজার চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আসন্ন প্রতীক-যুদ্ধের গুরুত্বপূর্ণ নথিগুলি নষ্ট বা ছিনিয়ে নেওয়ার আশঙ্কা প্রকাশ করে কমিশনের ফুল বেঞ্চের কাছে ইমেল পাঠানো হয়েছে তাঁর আইনজীবীর মারফত।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট ভাঙচুর, লোহার গেট কাটা এবং সেন্ট্রি কিয়স্ক গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলি ঘটেছে। এই পরিস্থিতিতে আইনগত পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তিনি। জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, কালীঘাট রোডের ওই অফিস ও বাসভবনে বারবার কড়া নজরদারি চালানো হচ্ছে এবং হামলা হচ্ছে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, আগামী ২০ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রতীক-সংক্রান্ত মামলার নথিপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার শেষ দিন। তার ঠিক আগেই এই ধরনের প্রশাসনিক বা বহিরাগত আক্রমণ চলায়, দলের গুরুত্বপূর্ণ আইনি নথিগুলি নষ্ট, বিকৃত বা ছিনিয়ে নেওয়া হতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেকের আইনজীবীরা। উল্লেখ্য, ইতিমধ্যে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল নির্ধারিত নথি জমা দিয়ে দিয়েছে। ফলে এই রাজনৈতিক ও আইনি দ্বন্দ্বে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।