‘একটা জঘন্য দাদার জন্য বৌদি-দেওরের সম্পর্ক নষ্ট হচ্ছে!’ কুণাল ঘোষের রহস্যময় পোস্টে শোরগোল রাজ্য রাজনীতিতে

রাজনীতির চেনা আক্রমণ ও পাল্টা আক্রমণের গণ্ডি ছাড়িয়ে এবার পারিবারিক সম্পর্কের রসিকতা টেনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি সাম্প্রতিক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কার উদ্দেশ্যে এই ব্যঙ্গাত্মক মন্তব্য, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
নিজের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই ছবিতে তাঁর সঙ্গে এক মহিলাকে দেখা যাচ্ছে। ওই ছবি পোস্ট করে কুণাল ক্যাপশনে লিখেছেন, ‘একটা জঘন্য দাদার জন্য বৌদি আর দেওরের এমন সুন্দর দিদি-ভাইয়ের মতো সম্পর্কটা নষ্ট হচ্ছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক হাসির ইমোজি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সরাসরি কারও নাম উল্লেখ না করলেও পোস্টে ব্যবহৃত ‘জঘন্য দাদা’, ‘বৌদি’ এবং ‘দেওর’—এই শব্দগুলির মধ্যে গভীর রাজনৈতিক ও পারিবারিক ইঙ্গিত রয়েছে। অতীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুণাল ঘোষের একাধিক মন্তব্য রাজ্য রাজনীতিতে যথেষ্ট শোরগোল ফেলেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর কুণাল তাঁকে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বলে তীব্র কটাক্ষ করেছিলেন।
এদিকে, কুণালের এই নতুন পোস্ট প্রসঙ্গে চরম বিরক্তি প্রকাশ করেছেন চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আগে উনি মহিলাদের সম্মান করতে শিখুন। উনি আমাকে ভ্রাম্যমাণ বিউটি পার্লার বলেছেন, ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ বলেছেন। আগে সেই সব কথার জন্য ক্ষমা চান। উনি আমার স্বামীর মৃত্যু কামনা অবধি করেছেন। তাই এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টকে আমি গুরুত্ব দিতে রাজি নই।”
রাজনৈতিক তরজার মাঝেই কুণালের এই পারিবারিক রূপকের তির কাকে বিঁধল এবং এর জেরে আগামী দিনে বঙ্গ রাজনীতিতে নতুন কী জলঘোলা হয়, এখন সেটাই দেখার!