গান্ধী পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হতে চাওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে সরাসরি প্রশ্ন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর সদ্যপ্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত ইচ্ছা নিয়ে করা মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সোনিয়া গান্ধীর সেই মন্তব্যের কথা প্রকাশ্যে আসার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই এবার সরাসরি সোনিয়া গান্ধীকে নিশানা করে কড়া উত্তর দিলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সোনিয়ার বইয়ের দাবির সত্যতা ও তাঁর মনস্তত্ত্ব নিয়ে সমাজমাধ্যমে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

সোনিয়ার স্মৃতিকথায় ঠিক কী লিখেছেন?

নিজের প্রকাশিত বইয়ের ৫০২ নম্বর পাতায় ২০১০ সালের একটি ঘরোয়া ঘটনার স্মৃতিচারণ করে সোনিয়া গান্ধী লিখেছেন—ত তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। সেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে গিয়ে প্রণববাবু সোনিয়াকে এমন একটি পরামর্শ দিয়েছিলেন যাতে তিনি চমকে যান।

সোনিয়ার দাবি, প্রণব মুখোপাধ্যায় তাঁকে বলেছিলেন, ‘হয়তো এখন শীর্ষ পর্যায়ে (প্রধানমন্ত্রী পদে) পরিবর্তনের সময় এসেছে।’ সোনিয়া গান্ধী এটিকে প্রণববাবুর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত ইচ্ছার ইঙ্গিত হিসেবেই বুঝেছিলেন। তিনি লিখেছেন, “আমি তখন হালকাভাবে প্রসঙ্গটি এড়িয়ে যাই। এতে হয়তো তিনি কিছুটা হতাশ হয়েছিলেন, তবে দলের অন্দরে বা আমার বিরুদ্ধে কখনও কোনও ক্ষোভ প্রকাশ করেননি।”

‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়াকে পাল্টা প্রশ্ন শর্মিষ্ঠার

সোনিয়া গান্ধীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বাবার রাজনৈতিক অবদান ও যোগ্যতার কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, “এতে এত অবাক হওয়ার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি কোনও অপরাধ? বিশেষ করে যখন সেই উচ্চাকাঙ্ক্ষার পেছনে থাকে রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রে কয়েক দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং এক অসাধারণ মেধা!”

নিজের ডায়েরি ও বাবার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের প্রসঙ্গ টেনে শর্মিষ্ঠা লেখেন, “একবার আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম তিনি প্রধানমন্ত্রী হতে চান কিনা। তিনি অকপটে উত্তর দিয়েছিলেন, ‘যেকোনও যোগ্য রাজনীতিবিদেরই এমন উচ্চাকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক।’ আমার বাবা অত্যন্ত সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলেন। জীবনে তিনি যা কিছু পেয়েছেন, সবটাই নিজের যোগ্যতা ও পরিশ্রমে। বংশানুক্রমিক অধিকারের সুবাদে কেউ তাঁকে কোনও পদ বা প্রধানমন্ত্রীর চেয়ার থালিতে সাজিয়ে দেয়নি।”

গান্ধী পরিবার ও সোনিয়ার নিরাপত্তাহীনতাকে খোঁচা

এখানেই না থেমে সোনিয়া গান্ধীর মনোভাব নিয়ে প্রশ্ন তুলে প্রণব-কন্যা কটাক্ষ করে বলেন, “একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হতে চাইলে তাতে দোষের কী? নাকি সোনিয়াজি এই ভেবে ‘হতবাক’ হয়েছিলেন যে, গান্ধী-নেহেরু পরিবারের বাইরের কেউ এমন উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সাহস দেখাল? এবং তাঁর কাছে সেই ইঙ্গিত দেওয়ার ধৃষ্টতা দেখাল?”

সোনিয়া গান্ধী তাঁর বইয়ে উল্লেখ করেছেন যে প্রণববাবু মনে কোনও ক্ষোভ পুষে রাখেননি। এই প্রসঙ্গের জবাবে শর্মিষ্ঠা লিখেন, “বাবার ডায়েরি ও তাঁর কথা থেকে আমি সোনিয়াজিকে নিশ্চিত করতে পারি যে, বাবা সত্যিই কারও প্রতি ক্ষোভ পুষে রাখেননি। কারণ তিনি ছিলেন একজন গভীর বোধসম্পন্ন বাস্তববাদী মানুষ। তিনি সোনিয়াজির রাজনৈতিক বাধ্যবাধকতা এবং মানুষের সহজাত নিরাপত্তাহীনতার দিকগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন।”

সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ পাওয়া এবং তার পরপরই শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের এই চাঁচাছোলা জবাব কংগ্রেসের অভ্যন্তরীণ অতীত রাজনীতি এবং গান্ধী পরিবারের কর্তৃত্ব নিয়ে নতুন করে জাতীয় রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *