বিনা বৃষ্টিতেই ডুবল কলকাতা! ৭২ ইঞ্চির পাইপ ফেটে চরম বিপর্যয়, বন্ধ একাধিক ট্রেন

বিনা বৃষ্টিতেই এক আচমকা বিপর্যয়ে তোলপাড় তিলোত্তমা। টালা ব্রিজের কাছে পানীয় জলের ৭২ ইঞ্চির বিশালাকার প্রধান পাইপলাইন ফেটে বিপত্তি তৈরি হয়েছে গোটা উত্তর কলকাতায়। যার জেরে একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, তেমনই স্তব্ধ হয়ে পড়েছে রেল পরিষেবা। ঘটনার মারাত্মকতায় স্থানীয় বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়ার পাশাপাশি নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘটনার সূত্রপাত টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, সোমবার আচমকাই রেললাইনের নিচে থাকা পুরসভার ৭২ ইঞ্চির প্রধান পানীয় জলের পাইপলাইনটি ফেটে যায়। জল এতটাই প্রবল বেগে বের হতে শুরু করে যে কিছুক্ষণের মধ্যেই টালা এলাকার প্রধান রাস্তা থেকে অলিগলি—সব জলের তলায় চলে যায়। পুরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জল জমে চরম প্লাবিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বনমালী সরকার স্ট্রিট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এই পাইপ ফেটে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে রেল চলাচলেও। টালা ব্রিজের নিচে রেললাইন সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ করে দিতে হয় চক্ররেল পরিষেবা। টালা থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং মঙ্গলবারেও বেশ কিছু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে কাজকম্মে বের হওয়া হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

সমস্যার দ্রুত সমাধানে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা। সোমবারই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। তিনি দ্রুত জল নিষ্কাশন ও পাইপ মেরামতের আশ্বাস দেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ৯ মিলিয়ন গ্যালন জল ধারণ করার ক্ষমতা রয়েছে ঐতিহাসিক টালা ট্যাঙ্কের। পলতা থেকে মোট ৬টি পাইপলাইনের মাধ্যমে জল এসে জমা হয় এই জলাধারে। তার মধ্যেই একটি প্রধান ৭২ ইঞ্চির পাইপ ফেটে এই বিপত্তি ঘটেছে।

জল সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পরিকল্পনা নিয়েছে পুরসভা। ফাটল ধরা ৭২ ইঞ্চির পাইপলাইনটি আপাততঃ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে টালা ব্রিজ যেখানে নেমেছে, সেখানকার ১২ ইঞ্চির সাপ্লাই লাইন দিয়ে বাইপাস করে শহরে পানীয় জল সরবরাহ বজায় রাখার চেষ্টা চালানো হচ্ছে। পুরসভা জানিয়েছে, এই বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ চালু রাখার পাশাপাশি দ্রুত ফাটল ধরা পাইপটি মেরামতের কাজ শেষ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *