গাড়ির ইঞ্জিনের বারোটা বাজছে ইথানলে? কর্নাটকের ল্যাব রিপোর্ট তুলে কেন্দ্র ও তেল সংস্থাগুলিকে বিধবা আক্রমণ রাহুল গান্ধীর

গাড়িতে পেট্রোল ভরছেন, অথচ ট্যাঙ্কে ঢুকছে ইথানল! পাম্পে পেট্রোলের নামে সাধারণ মানুষকে অতিরিক্ত ইথানল মেশানো জ্বালানি বিক্রি করা হচ্ছে বলে এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্নাটকের একাধিক জেলার ল্যাব পরীক্ষার বিস্ফোরক রিপোর্ট সামনে এনে কেন্দ্র সরকার ও একাধিক তেল সংস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাহুল দাবি করেন, কর্নাটক সরকার সাতটি জেলা থেকে সংগৃহীত ১৪টি পেট্রোলের নমুনা পরীক্ষা করেছিল। তার মধ্যে ১১টি নমুনাতেই নির্ধারিত ২০ শতাংশ সীমার চেয়ে অনেক বেশি ইথানল পাওয়া গিয়েছে। রাহুলের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল (IOCL)-এর একটি নমুনায় ৩১.২ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর নমুনায় ৩০.৫ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর প্রমাণ মিলেছে!

কাঠগড়ায় কোন কোন সংস্থা?

রাহুল গান্ধীর নিশানায় রয়েছে একাধিক সরকারি ও বেসরকারি তেল বিপণন সংস্থা। তালিকায় রয়েছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম (BPCL)-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি নায়ারা (Nayara) ও শেলের (Shell) মতো বেসরকারি নামও। বিরোধীদের অভিযোগ, সংস্থাগুলি তাদের নিজস্ব ল্যাব রিপোর্টে ইথানলের প্রকৃত পরিমাণ উল্লেখ না করে ধোঁয়াশা তৈরি রাখছে। ফলে সাধারণ ক্রেতারা না জেনেই অতিরিক্ত ইথানল মেশানো তেল গাড়ি বা বাইকে ভরতে বাধ্য হচ্ছেন।

কমবে মাইলেজ, বাড়বে গাড়ির পার্টস খারাপের ঝুঁকি?

অতিরিক্ত ইথানল মেশানো জ্বালানির ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল। তাঁর দাবি:

নির্ধারিত সীমার বেশি ইথানল থাকলে গাড়ির মাইলেজ হু-হু করে কমে যেতে পারে।

ইঞ্জিনের স্পর্শকাতর যন্ত্রাংশের ক্ষতি হতে পারে এবং রক্ষণাবেক্ষণের খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে।

বিশেষত যে সমস্ত পুরোনো গাড়ি E20 (২০% ইথানলযুক্ত) জ্বালানির উপযোগী নয়, সেই গাড়িতে এই ধরনের তেল ব্যবহারে বড়সড় যান্ত্রিক বিপর্যয় ঘটতে পারে।

সোচ্চার হয়ে রাহুল প্রশ্ন তুলেছেন, “পেট্রোল পাম্পে কেন স্পষ্ট করে লিখে জানানো হচ্ছে না যে ক্রেতা ঠিক কত শতাংশ ইথানল মিশ্রিত তেল কিনছেন?”

অভিযোগ ওড়ায়নি তেল সংস্থাগুলি, পাল্টা জবাব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির

তবে কর্নাটক সরকারের এই ল্যাব রিপোর্ট ও রাহুলের অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম যৌথভাবে দাবি করেছে, যে পদ্ধতিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে তা প্রশ্নাতীত নয়। সঠিক বিআইএস (BIS IS 17021) মানদণ্ড অনুযায়ী তাদের নিজস্ব পরীক্ষায় ৫৬টি নমুনাতেই ইথানলের পরিমাণ ১৯ থেকে ২০ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ পাওয়া গিয়েছে। সংস্থাগুলি কর্নাটক সরকারের ল্যাব রিপোর্ট পরীক্ষার পাশাপাশি যৌথভাবে পুনরায় পরীক্ষা করার প্রস্তাবও দিয়েছে।

মোদী সরকারের দিকে রাহুলের ৩ বড় প্রশ্ন

এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি:

১. দেশজুড়ে বাস্তবে ঠিক কত শতাংশ ইথানল মেশানো পেট্রোল বিক্রি করা হচ্ছে, তা কেন্দ্রের স্পষ্ট করে জানানো উচিত।

২. নির্ধারিত ২০ শতাংশ সীমা লঙ্ঘনকারী তেল সংস্থাগুলির বিরুদ্ধে ঠিক কবে ও কী ব্যবস্থা নেওয়া হবে?

যদিও পুরো বিষয়টি এখনও পর্যন্ত অভিযোগ ও পাল্টা দাবির আইনি ও প্রযুক্তিগত লড়াইয়ের মধ্যে রয়েছে। নমুনা পরীক্ষার বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে দু’পক্ষের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অতিরিক্ত ইথানলের অভিযোগকে পুরোপুরি চূড়ান্ত বলা যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *