‘আমি শুনেছি সে দিন’-এর সঙ্গে কিং-এর নতুন গানের মিল! নেটপাড়ার চর্চায় কী প্রতিক্রিয়া মৌসুমীর?

বছরের শেষে মুক্তি পেতে চলা শাহরুখ খান অভিনীত অত্যন্ত প্রতীক্ষিত ছবি ‘কিং’ ঘিরে এখন থেকেই উন্মাদনার পারদ চড়েছে তুঙ্গে। তবে সিনেমাটি মুক্তির আগেই ছবির একটি গান— ‘তু মিল যায়ে’— কে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, এই গানের শুরুর অংশের সঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী ভৌমিকের অমর সৃষ্টি ‘আমি শুনেছি সে দিন তুমি’ গানের সুরের অদ্ভুত মিল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই অবশেষে মুখ খুললেন খোদ শিল্পী মৌসুমী ভৌমিক।

ঠিক কী অভিযোগ উঠেছিল?

সামাজিক মাধ্যমে এক ব্যক্তি সম্প্রতি লেখেন, “ইউটিউবে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এর একটা গান শুনলাম। ‘তু মিল যায়ে’ গানটার শুরুর অংশের সঙ্গে মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সে দিন তুমি’ গানের মিল স্পষ্ট।” বলিউড বাদশার প্রজেক্টে সুর চুরির এমন তত্ত্বে মুহূর্তে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অনেকেই ভেবেছিলেন, জনপ্রিয় এই শিল্পী হয়তো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করবেন। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে সম্পূর্ণ অন্য অবস্থান নিলেন মৌসুমী।

কী বললেন মৌসুমী ভৌমিক?

সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তির পোস্টের উত্তরে শিল্পী সোজাসাপ্টা জানান, “আমি এই গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম। কিন্তু আমার তোমার মতো মনে হয়নি। দেখো আমরা ঘুরে ফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি। একই স্বরের permutation combination। এই গানে আমার গানের ছায়া— আমার কিন্তু তেমন মনে হয়নি।”

মৌসুমী ভৌমিকের কণ্ঠে ‘আমি শুনেছি সে দিন’ গানটি আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে রয়েছে। তবে নিজের গান নিয়ে সুরকারের সহজ স্বীকারোক্তি, “আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি, যা আগে কেউ কোনো দিন করেনি। এই স্বরের সমষ্টি আমাদের বাংলার পাঁচালীতেও শুনতে পাবে। ‘শুনেছি সেদিন’ যেমন করে শুরু হয়, তার বিশ্লেষণ করলে দেখবে, তা পাঁচালীর মিউজিক্যাল ফেজ়। কিন্তু আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকে সে গাছ হয়ে ওঠে।”

“ছায়া তো আমরা সবাই বহন করি”

নিজের জীবনের একটি মজার অভিজ্ঞতার কথা শেয়ার করে মৌসুমী জানান, অতীতে এক বন্ধু তাঁকে বলেছিলেন যে তাঁর গানের সঙ্গে প্রখ্যাত বিদেশি শিল্পী জোন বায়েজের (Joan Baez) সুরের মিল রয়েছে। সেকথা মনে করিয়ে দিয়ে মৌসুমী বলেন, “আমি তখন শুনে ভেবেছিলাম, তাই তো! অথচ, আমি তো সে কথা ভেবে আমার গান তৈরি করিনি? আসলে কী জানো? ছায়া আমরা সবাই বহন করি। জেনে অথবা না জেনে। আমিও, তুমিও।”

পরিশেষে স্পষ্ট ভাষায় শিল্পী বুঝিয়ে দিয়েছেন, মানুষ যাকে চেনে, অনেক সময় তার ছায়া অন্যের মধ্যে খোঁজার চেষ্টা করে। তাই বলে হুবহু চুরির তকমা দেওয়ার আগে সুরের গভীরতা বোঝা দরকার। মৌসুমীর এই পরিপক্ব ও মার্জিত মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রশংসিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *