মাঝরাতে ধাবার সামনে সেলফি তোলার হুজুগ! ফ্যানেদের তাড়া খেয়ে দৌড়াতে বাধ্য হলেন অরিজিৎ সিং?

প্রচারপ্রভাস ও গ্ল্যামারের দুনিয়া থেকে শত হস্ত দূরে থাকতে ভালোবাসেন তিনি। সাধারণ মানুষের মতো একেবারে সাদামাটা জীবনযাপন করাই তাঁর পছন্দ। কিন্তু তাঁর জাদুকরী গলার সুর গোটা বিশ্বকে থামিয়ে দিতে পারে, তাই শত চেষ্টা করলেও আড়ালে থাকা হয় না গায়ক অরিজিৎ সিংয়ের। হাজারও চেষ্টা সত্ত্বেও বারবার মোবাইল লেন্সে ধরা পড়ে যান তিনি। আর এবার ফ্যানেদের ভিড় ও ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতে রীতিমতো চোর-পুলিশ খেলায় নামতে দেখা গেল এই গায়ককে।
মুর্শিদাবাদের পাপ্পু ধাবায় মধ্যরাতের নাটকীয় দৃশ্য
ঘটনার প্রেক্ষাপট বাংলার মুর্শিদাবাদের বিখ্যাত ‘পাপ্পু ধাবা’। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই সেই ধাবা থেকে খাবার নিয়ে বের হতে দেখা যায় অরিজিৎ সিংকে। গায়ে জড়ানো ছিল অত্যন্ত সাধারণ একটি টি-শার্ট, সঙ্গে ছিলে মাত্র কয়েকজন সঙ্গী। সকলেরই হাতে ছিল খাবারের প্যাকেট।
কিন্তু গায়ক যতটাই সাধারণ থাকতে চান না কেন, চেনা মুখ কি আর সহজে লুকিয়ে রাখা যায়? ধাবার এক অনুরাগীর চোখে পড়ে যেতেই মুহূর্তের মধ্যে চারদিকে খবর ছড়িয়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে মোবাইল ক্যামেরার ফ্ল্যাশলাইট। “দাদা একটা সেলফি”, “অরিজিৎ দা, শুধু দূর থেকেই একটা ছবি তুলব”—এমন চিৎকারে নিমেষেই গমগম করে ওঠে পুরো ধাবা চত্বর।
হাতে খাবারের প্যাকেট নিয়েই দৌড়!
পরিস্থিতি বেগতিক বুঝে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াননি গায়ক। ভক্তদের সেলফির আবদার এড়াতে বাধ্য হয়ে রীতিমতো দৌড় লাগান তিনি। আর তাঁর পিছু পিছু হাতে খাবারের প্যাকেট নিয়ে দৌড়াতে শুরু করেন তাঁর সঙ্গীরাও। মাত্র কয়েক সেকেন্ডের সেই ঘটনার ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও ঘিরে দুই ভাগে বিভক্ত নেটপাড়া
ভিডিওটি প্রকাশ্যে আসতেই কমেন্টের ঝড় বইছে নেটিজেনদের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে নেটপাড়া মূলত দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে:
প্রথম পক্ষ: গায়কের ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে সওয়াল করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, “একটু শান্তিতে থাকতে দিন না ওঁকে! সেলিব্রেটিদের কি কোনো পার্সোনাল লাইফ থাকতে নেই?” অরিজিৎ বারবার প্রমাণ করেছেন যে তিনি সাধারণ মানুষের মতো বাঁচতে ভালোবাসেন, তাই অনুরাগীদের উচিত তাঁকে সেই ব্যক্তিগত জায়গার সম্মানটুকু দেওয়া।
দ্বিতীয় পক্ষ: অন্য একটি অংশের আবার পালটা মত, “এত অহংকার ভালো নয়! ফ্যানেরা একটু ছবি তুলতে চাইলে কী এমন ক্ষতি হত?”
সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের এই সাধারণ অথচ ভাইরাল হওয়া রূপটি নিয়ে এখন চলছে তুমুল চর্চা।