“১ বোতল জলের দাম ২৮০০০ টাকা!”-দিশা পাটানির ফিটনেসের এই রহস্য জানেন?

বলিউডে ছিপছিপে ফিগার ও সুঠাম স্বাস্থ্যের জন্য পরিচিত মুখ দিশা পাটানি। তাঁর গ্ল্যামারাস লুক এবং অসামান্য ফিটনেসের রহস্য জানতে সবসময়ই উৎসুক থাকেন তাঁর অগুনতি ভক্ত। তবে এবার দিশার ডায়েট বা জিম রুটিন নয়, চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর খাওয়ার জল! সাধারণ ফিল্টার বা মিনারেল ওয়াটার নয়, বলিউড ডিভা যে জল পান করেন, তার দাম শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য।
কোন জল পান করেন দিশা পাটানি?
বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে বা জিম থেকে বের হওয়ার সময় প্রায়ই দিশার হাতে একটি বিশেষ কাচের বোতল দেখা যায়। সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, দিশা নাকি বিশ্বের অন্যতম দামি ও এক্সক্লুসিভ ব্র্যান্ডের জল পান করেন। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন বলছে, তিনি সপ্তাহে প্রায় পাঁচবার ‘ব্লিং এইচটুও’ (Bling H2O) স্পার্কলিং ওয়াটার পান করে থাকেন।
আর এই বিশেষ জলের একটি ৭৫০ মিলিলিটারের বোতলের দাম নাকি ৫ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ২৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে! যদিও এই দাবির সত্যতা নিয়ে নানা মহলে চর্চা চলছে, তবুও এই বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
বিরাট কোহলির জলের সঙ্গে তুলনা
যখনই তারকাদের ব্যয়বহুল বা প্রিমিয়াম জলের কথা ওঠে, তখন ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলির নাম সবার আগে আসে। ফিটনেস এবং স্বাস্থ্যসচেতনতার জন্য পরিচিত কোহলিকে প্রায়ই ফরাসি আল্পসের প্রিমিয়াম ব্র্যান্ড ‘এভিয়ান ন্যাচারাল মিনারেল ওয়াটার’ (Evian Natural Mineral Water)-এর সঙ্গে যুক্ত দেখা যায়। বাজারের আকার ও প্যাকেজিং ভেদে যে জলের দাম প্রতি লিটার প্রায় ২৪৫ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে কোহলির পানীয়কে ছাপিয়ে দিশা পাটানির এই অতি মহার্ঘ জলের বোতল এখন আলোচনার হট টপিক।
রহস্যময় ভিডিও ঘিরে নতুন জল্পনা
জলের দামের খবরের পাশাপাশি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রহস্যময় ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী দিশা পাটানি। সেই ভিডিওতে তাঁকে বেশ কয়েকটি মনিটরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা দেখে মনে হচ্ছে কেউ যেন তাঁকে কড়া নজরে রাখছে। এই পোস্টের সঙ্গে দিশার দেওয়া একটি রহস্যজনক বার্তা ভক্তদের কৌতুহলকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফিটনেস থেকে শুরু করে বিলাসবহুল লাইফস্টাইল—সব মিলিয়ে সবসময়ই লাইমলাইটে থাকতে ভালোবাসেন এই অভিনেত্রী।